অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এফবিসিসিআই ও সৌদি চেম্বারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ এবং সৌদি আরবের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
এ লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এবং কাউন্সিল অব সৌদি চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি’র (সিএসসিসিআই) সদস্য ইঞ্জিনিয়ার সাদ আই আল-মোয়াজেল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। জুনের ১৪ থেকে ১৫ জুন রিয়াদে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-সৌদি আরবের যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে উভয় দেশ নিজেদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে।
১০ ধারা বিশিষ্ট স্মারকে বলা হয়েছে, উভয় পক্ষ অর্থনৈতিক এবং শিল্প সহযোগিতা সম্প্রসারণে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে তথ্য বিনিময় করবে।
এছাড়াও দুই দেশের শীর্ষ বাণিজ্য প্রতিনিধিবৃন্দ নিজেদের মধ্যে পারাস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য নিয়মিত সফর আয়োজনে সম্মত হয়েছে।
গবেষণা সহযোগিতার উন্নয়ন ছাড়াও দুই পক্ষ যৌথ উদ্যোগে বাণিজ্যের ব্যাপারেও সম্মত হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, তৈরি পোষাক, পাটজাত পণ্য এবং চা’র সম্বাব্য বাজার রয়েছে। অন্যদিকে সৌদি আরব থেকে বাংলাদেশ পলিমার, সার, লোহা, সোডা এ্যাশ এবং খেজুর আমদানি করতে পারে।
