সরকার দেশের ৫টি স্থলবন্দর ব্যক্তি মালিকানায় ছেড়ে দিয়েছে
দেশের পাঁচটি স্থলবন্দর পরিচালনার জন্যে সরকার নির্মান, পরিচালনা ও হস্তান্তরের (বিওটি) ভিত্তিতে চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানা গেছে।
উল্লেখিত পাঁচটি স্থলবন্দর হচ্ছে-পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, দিনাজপুরের হিলি ও বিরল স্থলবন্দর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর।
স্থলবন্দর কর্তৃপক্ষের সুপারিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম বিডিনিউজকে বলেন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হবে।
সোনা মসজিদ এবং হিলি বন্দরটি ছেড়ে দেওয়া হয়েছে পানামা ট্রেড্রার্সের হাতে। অন্যদিকে বাংলাবান্ধা, বিরল ও বিবির বাজার বন্দর ছেড়ে দেওয়া হয়েছে যথাক্রমে ইরবা, ডায়নামিক ট্রেড সিন্ডিকেট ও শেফার্ড টেক্সটাইল বাংলাদেশ লিমিটেডের হাতে।
সরকারের নির্ধারিত শর্ত অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে ২৫ বছরের জন্য বন্দর পরিচালনা দায়িত্ব দেওয়া হবে। এজন্য প্রতিষ্ঠানগুলোকে দু’ ধরনের রয়্যালটি দিতে হবে। একটি নির্ধারিত রয়্যালটি এবং অপরটি বন্দরের ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করবে।
ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া পাঁচটি স্থল বন্দরের মধ্যে সোনা মসজিদ ও হিলি বন্দর দুটি সবচে বড়। সরকার সোনা মসজিদ বন্দরের জন্য ৩০ লাখ ও হিলি বন্দরের জন্য ১৪ লাখ ২৫ হাজার টাকা রয়্যালটি নির্ধারণ করেছে।
তাজুল ইসলাম বলেন, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বন্দরের অবকাঠামো যেমন-অফিস ভবন, পোর্ট ইয়ার্ড, গুদাম, মাপন যন্ত্র এবং টাওয়ার নির্মান করতে হবে। এছাড়া কার্যকরভাবে বন্দর পরিচালনায় নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করতে হবে।
এর আগে ২০০৩ সালে সরকার ব্যক্তি মালিকানায় স্থল বন্দরগুলো বিওটি’র ভিত্তিতে ছেড়ে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করে।
টেন্ডার বিজয়ীরা ২৫ বছরের জন্য বন্দরগুলো অর্থায়ন, নির্মান এবং পরিচালনা করবে। দেশের ১৩টি স্থল বন্দরের মধ্যে বেনাপোল স্থলবন্দরটি সরকার পরিচালনা করে থাকে। টেকনাফের স্থলবন্দরটি আরেকটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।
এই পাঁচটি বন্দর পরিচালনায় প্রতিষ্ঠানগুলো সফল হলে দেশের বাকি স্থলবন্দর বুড়িমারি, দর্শনা, ভোমরা, হালুয়াঘাট, তামাবিল এবং আখাউড়া স্থল বন্দরকেও ব্যক্তি মালিকানা খাতে ছেড়ে দেওয়া হবে।
