কোটামুক্ত সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি কমেছে ৮ কোটি ডলার
কোটামুক্ত সময়ে প্রথম চার মাসে ওভেন গার্মেন্টস রপ্তানি কমেছে প্রায় ৮ কোটি ২৭ লাখ ডলার। গত বছরের তুলনায় এ বছর জানুয়ারি থেকে এপ্রিল মাসে ওভেন গার্মেন্টস রপ্তানি ৭ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি হয় ১০৮ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, কোটা মুক্ত পরবর্তী সময়ে পোষাক শিল্পে ধ্বস না নামলেও ওই চার মাসের মধ্যে একমাত্র ফেব্রুয়ারি ছাড়া অন্য তিন মাসে রপ্তানি হ্রাস পায়।
তবে চলতি বছরে এপ্রিল পর্যন্ত এই খাতে রপ্তানি দুই দশমিক তিন শতাংশ বাড়লেও গত বছরে এ বৃদ্ধির হার ছিলো ৮ দশমিক ৫৯ শতাংশ।
গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, এ খাতে আগের বছরগুলোতে উচ্চ প্রবৃদ্ধি থাকলে কোটামুক্ত সময়ে প্রতি মাসে রপ্তানি হ্রাস পাচ্ছে।
তিনি বলেন, আশংকাজনক এই পরিস্থিতিতে ইইউ’র জিএসপি সুবিধায় সার্ক ও আশিয়ান কিউমূলেশন বাস্তবায়নে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
বিজিএমইএ সভাপতি জানান, ওভেন রপ্তানিতে মার্জিন কমে যাচ্ছে, যা আরো নেতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে চীনের পোষাক রপ্তানির ওপর যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তা আমাদের দেশের রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বিশ্বে মোট বস্ত্র ব্যবসার ৭০ ভাগই হচ্ছে ওভেন গার্মেন্টস। ফলে এ খাতের সংকোচন সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব রাখবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশ চীনের সঙ্গে প্রতিযোগীতার সম্মূখীন হচ্ছে। চীনের কারণে তৈরি পোষাকের গড় দাম হ্রাস পাচ্ছে। ফলে দাম হ্রাসে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
তিনি বলেন, ওভেন খাতের অবস্থা ভবিষ্যত ইইউ’র জিএসপি ভ্যালু এডিশনের ওপর নির্ভর করছে। নিট ও ওভেনে দুই রকম জিএসপি ইইউ নির্ধারণ করলে আমাদের জন্য সুবিধাজনক হবে।
এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, কোটামুক্ত সময়ে ওভেন খাতে একমাত্র টাউজার রপ্তানি অব্যাহত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছরেও টাউজার রপ্তানি বৃদ্ধি হার ছিলো ১০৭ শতাংশ।
চলতি বছরে টাউজার রপ্তানি মোট ওভেন রপ্তানির প্রায় ৫০ শতাংশে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৩ সালে এই হার ছিলো মাত্র ১৩ শতাংশ।
অন্যদিকে জ্যাকেট রপ্তানি গত বছর ২১ শতাংশ কমলেও এ বছরে এই রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে অন্যান্য ওভেন পণ্য উচ্চ হারে রপ্তানি কমে যাওয়া সামগ্রিকভাবে ওভেন খাত ঝুঁকির সম্মূখীন। গত বছরেও অন্যান্য ওভেন পণ্যে রপ্তানি হ্রাস পেয়েছে ৩৬ শতাংশ। অন্যান্য পণ্যের পাশপাশি এ বছরে শার্ট রপ্তানিও স্বল্পমাত্রায় হ্রাস পাচ্ছে। অবশ্য গত বছর এ রপ্তানি নয় শতাংশ বেড়েছে।
এ অর্থ বছরের ওভেন রপ্তানির অবদান মোট রপ্তানির ৪৪ শতাংশে নীচে নেমেছে। অথচ বছর দুয়েক আগে এই অবদান ছিলো প্রায় ৫০ শতাংশ। তবে এমএফএ’র পর ওভেন গার্মেন্টস রপ্তানি কমলেও চলতি বছরের প্রথম ছয় মাসে রপ্তানি প্রায় ১১ শতাংশ বেড়েছে।
এমএফএ পরবর্তীতে –ওভেন গামেন্টস রপ্তানি
২০০৪ ২০০৫ প্রবৃদ্ধি
(+বৃদ্ধি/-হ্রাস)
জানুয়ারি ৩৭৬.৭৩ ২৯৬.০৭ -২১.২৪
ফেব্রুয়ারি ২২২.৯০ ২৯২.৯২ +৩১.৪১
মার্চ ৩০৪.১২ ২৬৪.৫৫ -১৩.০১
এপ্রিল ২৬৩.৫৫ ২৩১.০৯ -১২.৩২
জানুয়ারি-এপ্রিল ১১৬৭.৩ ১০৮৪.৬৩ -৭.০৮
জুলাই-ডিসেম্বর ১৬৭৫ ১৮২৩ +১০.৬৯
জুলাই-এপ্রিল ২৮৪২.৩০ ২৯০৭.৬৩ + ২.৩০
