এশিয়ায় ম্যানুফেকচারিং শিল্পের ব্যাপক সম্ভাবনা: সাক্ষাতকারে শিল্পপতি লর্ড কুমার ভট্টাচার্য
শিল্পপতি লর্ড কুমার ভট্টাচার্যের মতে, এশিয়ায় ম্যানুফেকচারিং শিল্প কারখানার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারত ও চীনে এ শিল্পের ‘ব্যাপক সুযোগ’ রয়েছে।
সোমবার ‘দ্য অবজারভার’ এ প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি বলেন, ভারত ও চীনের বাজার অনেক বড়। সেখানে শিল্প বিকাশের সুবিধা রয়েছে। কিন্তু এজন্য দরকার পণ্য। কোন কিছু উৎপাদন না করেই শুধুমাত্র বাজার চিহ্নিত করলে কোনও জায়গা থেকে কোনও কিছু লাভ করা সম্ভব হবে না।
লর্ড কুমার ভট্টাচার্য ১৯৪০ সালের ৬ জুন ঢাকায় জন্ম গ্রহণ করেন। সে সময় ঢাকা ব্রিটিশ শাসিত ভারতের অংশ ছিল। তার বাবা ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের রসায়ন বিভাগের অধ্যাপক নিযুক্ত হলে তাদের পরিবার ব্যাঙ্গালর চলে যায়। পরবর্তীতে ১৯৬১ সালে তিনি যুক্তরাজ্যে বসবাসের জন্য চলে যান।
শিক্ষা ও শিল্প ক্ষেত্রে অবদানের জন্যে ২০০৩ সালে ভট্টাচার্য নাইট উপাধি লাভ করেন এবং গত বছর লেভার পীয়ার হিসেবে নিযুক্ত হন।
তিনি মিডল্যান্ড এলাকায় কয়েক কোটি পাউন্ডের ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ (ডাব্লিউএমজি) স্থাপন করেন, যা গত বছর ১০ কোটি পাউন্ড আয় করে।
প্রতিবেদনে জানা যায়, ডাব্লিউএমজি’র সাফল্য ধারাবাহিক নয়। এ সমৃদ্ধি সম্ভব হয়েছে একই সঙ্গে শিক্ষা ও শিল্পায়নের সমন্বয়ের ফলে, যখন শিল্প উৎপাদনের গতি ব্যাপক হারে নিম্নমুখী ছিল।
কিন্তু ভট্টাচার্য জানান, ব্যবসার মূল কথা-নিজের ঘর কিংবা বাইরে যেখানে জনগণের পণ্য কেনার সামর্থ রয়েছে, এমন বাজার খুঁজে তাদের জন্যে পণ্য উৎপাদন করা।
