২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকল শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা ও কলগুলো সচল করার দাবিতে স্পিকারকে স্মারকলিপি দেবে

দেশের সরকারি মালিকানাধীন পাটকল শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা এবং কলগুলোকে সচল করার দাবিতে সোমবার জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেবে। এর আগে বিকেলে তারা মুক্তাঙ্গনে শ্রমিক সমাবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 10:07 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের হুইপ ও বিএনপির যুগ্ম-মহাসচিব আশরাফ হোসেন সংসদে তার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

হুইপ আশরাফ হোসেন বলেন, সরকারি মালিকানাধীন ২২টি পাটকলের মধ্যে ১৩টি পাটকল বন্ধ হয়ে গেছে। মাত্র সাতটি পাটকল কোনোমতে চলছে। দীর্ঘদিন এসব পাটকলের শ্রমিকরা বেতন-ভাতা পাচ্ছে না। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে স্বেচ্ছায় অবসরে যাওয়া শ্রমিকরাও তাদের কোনো পাওনা পায়নি।

শ্রমিক নেতা আশরাফ হোসেন বলেন, ২২টি পাটকলে কয়েক লাখ শ্রমিক কর্মচারি রয়েছে। এসব শ্রমিক কর্মচারি দীর্ঘদিন ধরে বেতন-ভাতা এবং বকেয়ার জন্যে আন্দোলন করছে। শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে না, অথচ মালিকরা সব টাকা খেয়ে ফেলছে।

সরকারি মালিকানাধীন পাটকলের অবস্থা খুবই শোচণীয় বলে মন্তব্য করে হুইপ আশরাফ হোসেন বলেন, সরকারি কর্মকর্তারা শ্রমিকদের টাকার জন্যে দিনের পর দিন ঘুরিয়েও টাকা দিচ্ছে না। পাটমন্ত্রীর সাথে বৈঠক করেও কোনো লাভ হয়নি। মন্ত্রী বলেছেন, সরকার টাকা দিচ্ছে না। মন্ত্রীও এ সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন।