‘ভ্যাট থেকে ১৯ শতাংশ রাজস্ব বৃদ্ধি গরীবের দুর্ভোগ বাড়াবে’
প্রস্তাবিত জাতীয় বাজেটে ভ্যাট থেকে ১৯ শতাংশ রাজস্ব বৃদ্ধি নিশ্চিতভাবেই গরীব মানুষের দুর্ভোগ বাড়াবে। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়্ এর চেয়ারম্যান ড. আতিউর রহমান একথা বলেছেন।
২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪৫হাজার ৭শ ২২ কোটি টাকা, যা
এ বছরের সংশোধিত বাজেট থেকে ১৬ দশমিক ৬ শতাংশ বেশি।
মোট রাজস্ব আয়ের ৩৩ শতাংশ (১২,৬৭৫ কোটি টাকা) আসবে ভ্যাট থেকে। প্রস্তাবিত এ আয় সংশোধিত বাজেট থেকে ১৯ শতাংশ বেশি।
ড. আতিউর রহমান বলেন, ভ্যাট দাতাদের অর্ধেকই গরিব। তাই ১৯ শতাংশ ভ্যাট বৃদ্ধি গরিব মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে এই সর্বগ্রাসী ভ্যাটও কম দায়ী নয়। জনগনের গলায় গামছা বেঁধে এই যে রাজস্ব সংগ্রহ করা হচ্ছে, তা কোথায় খরচ হচ্ছে, কার জন্য খরচ হচ্ছে? জনগণ এসব প্রশ্ন সঙ্গতভাবেই করতে পারে।
উন্নয়ন সমন্বয় আয়োজিত বাজেট পরবর্তি সংবাদ সম্মেলনে ড. আতিউর রহমান বলেন, ৬৪,৩৮৩ কোটি টাকার বাজেটের ৬২ শতাংশ অনুৎপাদনশীল খাতে খরচ হবে। আর ৩০ শতাংশ খরচ হবে উন্নয়ন খাতে।
প্রস্তাবিত উন্নয়ন বাজেটের ৪৮ শতাংশই আসবে বিদেশী উৎস থেকে। তিনি বলেন, এর অর্থ হচ্ছে, এ বছর বিদেশের ওপর নির্ভরতা বাড়ছে। একই সাথে শর্তের কড়াকড়িও বাড়ছে।
ড. আতিউর কৃষি মন্ত্রণালয় এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে বাজেট বৃদ্ধি না হওয়ায় সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ে ২২১৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা সংশোধিত বাজেটে ২,৩৭১ কোটি টাকা।
২০০৪-০৫ অর্থ বছরে দারিদ্র্য বিমোচন সহায়ক প্রকল্প ছিল ৫৮ টি এবং বরাদ্দ ছিল ১৯২৪ দশমিক ৩৬ কোটি টাকা। ২০০৫-০৬ অর্থ বছরে প্রকল্পের সংখ্যা কমে দাঁড়ায় ৪৭ টি এবং অর্থ বরাদ্দ দেয়া হয় মাত্র ১০৯৭ দশমিক ৪০ কোটি টাকা। তাছাড়া এডিপিতে এবছর উল্ল্যেখযোগ্য কোনও নতুন প্রকল্প গ্রহণ করা হয়নি।
মানব সম্পদ উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দের পরিমান বৃদ্ধি এবং কৃষি উপকরণ যেমন সার, কৃষি যন্ত্রপাতি, হাঁসমুরগির খামার এবং সিএনজি চালিত বাস ও ট্রাকের মূল্য হ্রাসের কারণে তিনি অর্থমন্ত্রীর প্রশংসা করেন।
