২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি উন্নয়ন সহায়তা হিসেবে বাংলাদেশকে ৬৩৩ কোটি টাকা দেবে

বাংলাদেশকে উন্নয়ন সহায়তা হিসেবে জার্মানি ৮৭ দশমিক ৩ মিলিয়ন ইউরো (৬৩৩ কোটি টাকা) দেবে। স্বাস্থ্য ও বেসরকারি খাত এবং শক্তিখাতের উন্নয়নে এ সহায়তা দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

গত ৭ ও ৮ জুন ঢাকায় দু দেশের মধ্যে উন্নয়ন সহায়তা সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ২০০৪ সালের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং পুনঃবরাদ্দ সহ মোট উন্নয়ন সহায়তা বরাদ্দের পরিমাণ ৮৭ দশমিক ৩ মিলিয়ন ইউরো ঠিক করা হয়। জার্মান-বাংলাদেশ উন্নয়ন সমন্নয় আলোচনায় স্বাস্থ্য, বেসরকারি এবং শক্তি খাতকে অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেব চিহ্নিত করা হয়।

আলোচনা সূত্রে জানা গেছে, দু দেশের মধ্যকার এ আলোচনায় বাংলাদেশ সরকারের নীতি সংস্কার ও শাসন ব্যবস্থার বিষয়ও স্থান পায়।

আলোচনায় জার্মান পক্ষ সমন্বিত দারিদ্র্য বিমোচনে কৌশল চূড়ান্ত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টার প্রশংসা করে। উন্নয়ন সমন্নয়ের ক্ষেত্রে বাংলাদেশ জার্মানির কাছে অগ্রাধিকার বিবেচনায় এক উন্নয়ন সহযোগী।

উন্নয়ন সহায়তার মোট বরাদ্দের মধ্যে ৩ কোটি ৬৬ লাখ ইউরো ব্যয় করা হয়েছে স্বাস্থ্যখাতের পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচির (এইচএনপিএসপি) ক্ষেত্রে। অন্য দাতাদের সাথে যৌথভাবে এ বরাদ্দ বাস্তবায়ন করা হবে।

বেসরকারি খাতের উন্নয়নে কারিগরি সহায়তার জন্য ২০ লাখ ইউরোসহ মোট ২ কোটি ৫৪ লাখ ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, এ আলোচনায় ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের পল্লী উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে যৌথভাবে একটি সহায়ক কর্মসূচির ব্যাপারেও সিদ্ধান্ত করা হয়েছে।

আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সাথে বাংলাদেশ সরকারের আলোচনা চালানোর ক্ষেত্রে বাণিজ্যভিত্তিক সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি পরমর্শ প্রদানের জন্য কিছু অর্থবরাদ্ধ রাখা হয়েছে।

এছাড়া বিদ্যুৎখাতে কারগিরি সহায়তার ক্ষেত্রে ২০ লাখ ইউরো ছাড়াও মোট ২ কোটি ৫৩ লাখ ইউরো বরাদ্দ করা হয়েছে।

ট্রান্সমিশন লাইনগুলোর বৈদ্যুতিক ক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও বাড়িঘরে প্রথম বারের মতো বৈদ্যুতিক সুবিধা প্রদানের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার জন্য বরাদ্দ ব্যয় করা হবে।

বাংলাদেশের বিদ্যুৎ খাতকে শক্তিশালীকরণে সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি সময় ধরে সহযোগিতা দিয়ে আসছে।

এর আগে দেওয়া বরাদ্দগুলো বিদ্যুৎ উৎপাদন এবং পুরনো শক্তিকেন্দ্র ও ট্রান্সমিশন লাইন এবং নবায়নযোগ্য শক্তি খাতের সংস্কার কাজে ব্যয় করা হয়।