রাষ্ট্রায়ত্ব সংস্থায় নিট লোকসান ২,৯৮৯ কোটি টাকা, খেলাপী ঋণ ১৬৭৪ কোটি টাকা
সরকারি সাতটি খাতের ৪৪টি সংস্থার কাছে এ অর্থবছরে ৪টি বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমান দাঁড়াবে ৮,৭৩৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপী ঋণের পরিমান ১,৬৭৪ কোটি টাকা। যা মোট ঋণের ৯ শতাংশ।
গত অর্থবছরে তুলনায় চলতি বছরে খেলাপী ঋণের পরিমান ৭৭৩ কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি ঋণের পরিমানও বেড়েছে ৬৭৪ কোটি টাকা। এ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র ব্যাংক ঋণের পরিমান দাঁড়িয়েছে ৩,১৫৫ কোটি টাকা।
এসব সংস্থার চলতি অর্থবছরের প্রাক্কলিত নিট লোকসানের পরিমান ২,৯৮৯ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় এ বছরে লোকসানের পরিমান বেড়েছে ২,৪৪০ কোটি টাকা। গতবছরে নিট লোকসানের পরিমান ছিল প্রায় ৫৪০ কোটি টাকা।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৫-এ বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ডলারের সাথে টাকার অবমূল্যায়নের কারণে রাষ্টায়ত খাতে এ ক্ষতি হয়। বিপিসি চলতি অর্থবছরে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে প্রায় ২,৭৯২ কোটি টাকা লোকসান দেবে বলে ধারণা করা হচ্ছে। একই কারণে গতবছর বিপিসি লোকসান দিয়েছিলো ৯৬৭ কোটি টাকা।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময়ে অথ্যাৎ ২০০১-০২ অর্থবছরে সরকারি সংস্থাসমূহ লোকসান দিয়েছিল প্রায় ১,৫৩৩ কোটি টাকা। অন্যদিকে এ বছরে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলো লভ্যাংশ হিসেবে সরকারি কোষাগারে জমা দিয়েছে ২৮১ কোটি টাকা। এর মধ্যে ইউটিলিটি খাত একাই লভ্যাংশ অর্জন করেছে ২০৩ কোটি টাকা, যা গতবছরে ছিল ১৭৫ কোটি টাকা।
এ অর্থবছরে সরকার ১৪টি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে অনুদান বা ভর্তুকি দেবে ৫০২ কোটি টাকা। গত বছরে এ অর্থের পরিমান ছিল প্রায় ৩৯০ কোটি টাকা।
চলতি অর্থবছরে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের মিলগুলোরে নিট লোকসান ২১০ কোটি টাকা থেকে হ্রাস পেয়ে চলতি বছরে দাঁড়াবে ১৭৭ কোটি টাকা। চিনি ও খাদ্য শিল্প কপোরেশন মিলগুলোতে ক্ষতির পরিমান ৪২ কোটি টাকা থেকে হ্রাস পেয়ে এবছরে দাড়িয়েছে ১৯কোটি টাকা।
