বিটিটিবি’র সাথে এসএ টেলিকম সিস্টেমের আন্তসংযোগ চুক্তি স্বাক্ষর
বিটিটিবির সাথে বুধবার এসএ টেলিকম সিস্টেম’র আন্তসংযোগ চুক্তি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দেশের বেসরকারি ল্যাণ্ডফোন কোম্পানির সংখ্যা দাঁড়াল দশে।
আন্তসংযোগ চুক্তিপত্রে এসএ গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ’র পক্ষে স্বাক্ষর করেন এর ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলম এবং বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) পক্ষে স্বাক্ষর করেন বিটিটিবির চেয়ারম্যান নুরুল ইসলাম।
এর ফলে এসএ টেলিকম সিস্টেম পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কের আওতায় এলো। ফলে এসএ টেলিকমের গ্রাহকরা বিটিটিবি’র ল্যাণ্ড ও মোবাইল উভয় ফোনে এবং বিটিটিবি গ্রাহকরা এসএ টেলিকমের ল্যাণ্ডফোনে ফোন করতে পারবেন।
শিগগিরই অন্যান্য ল্যাণ্ডফোন ও মোবাইল ফোন কোম্পানির সাথেও তাদের আন্তঃসংযোগ চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন এসএ টেলিকমের কর্মকর্তারা।
এসএ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন বিডিনিউজকে বলেন, গ্রামাঞ্চলে ল্যাণ্ডফোনের চাহিদা পূরণের লক্ষ্যে তারা এ সেবার উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, আগস্টে তাদের ফোন সার্ভিস চালু হবে। তবে বানিজ্যিকভাবে সেপ্টেম্বর নাগাদ এটি বাজারে আসবে বলে বলে তিনি জানান।
অনুমোদিত অন্যান্য বেসরকারি ল্যাণ্ডফোন কোম্পানিগুলো হচ্ছে র্যাংকস টেলিকম, ঢাকা টেলিফোন কোম্পানি, ওয়েস্টেক (বে ফোন), টেলিবার্তা (যুবক ফোন), জালালাবাদ টেলিকম, ন্যাশনাল টেলিকম, ওয়ান টেন কমিউনিকেশন, স্কোয়ার ইনফরমেটিক্স ও জিইপি টেলিকম।
এদের মধ্যে কেবলমাত্র র্যাংকস টেল ও বে ফোন চট্টগ্রাম ও সিলেটে তাদের সার্ভিস চালু করেছে।
