উচ্চ উন্নয়ন ব্যয়ের বাজেট পেশ করছেন সাইফুর
সাধারণ নির্বাচনকে সামনে রেখে ক্রমাগত চাপের মুখে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার ৬৩ হাজার ৯০০ কোটি টাকার উচ্চ হারের উন্নয়ন ব্যয়ের জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছেন।
নির্বাচনী এলাকায় নিজেদের জনসমর্থন বাড়ানোর বিষয়টিকে মাথায় রেখে এবং তাদের ওপর নতুন করে কর আরোপ না করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন বাজেটে রাজস্ব আয়ের ক্ষেত্রে ১৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু কর প্রশাসনের পুনর্গঠন, কর ফাঁকি হ্রাস এবং নতুন কর আরোপের পরিবর্তে করের আওতা বৃদ্ধি করার মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জনের পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হতে পারে।
বিরোধী দলের সংসদ অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সাইফুর রহমান রেকর্ড সংখ্যক ১১ বারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন। নতুন বাজেটে আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ দশমিক ৭ শতাশ।
পরবর্তী অর্থ বছরের জন্য রাজস্ব আয় নির্ধারন করা হয়েছে ৪৫,৭২০ কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। ঘাটতির পরিমাণ থাকবে ১৮,১৮০ কোটি টাকা। বিদেশী সাহায্য ও স্থানীয়ভাবে এই টাকা সংগ্রহ করা হবে।
জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও দারিদ্র বিমোচন কৌশল পত্রের (পিআরঅএসপি) আলোকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন বাজেটকে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে আয় বৃদ্ধি, নিরাপত্তা জালসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নেয়া হবে।
সাইফুর রহমান ইতেতামধ্যেই নতুন বাজেটে গ্রামীন দারিদ্র ও কৃষির ওপর বিশেষ দৃষ্টি দেওয়া হবে বলে ইঙ্গিতত দিয়েছেন। এক্ষেত্রে কৃষি খাতে বীজ ও কৃষি যন্ত্রপাতির মূল্য কমানো এবং কৃষি ঋণ মওকুফসহ ১৬০০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার ব্যাপারে তিনি পরিকল্পনা করেছেন। গত বছর কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছিল ৮০০ কোটি টাকা ।
