গ্যারেজ ছাড়া বাস মালিকদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না
রাজধানী ঢাকায় বাস মালিকের নিজস্ব গ্যারেজ ছাড়া গাড়ির রেজিস্ট্রেশন দেয়া হবে না।
বুধবার যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত কমিটির ১৫ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, যানজট এড়ানোর জন্যে আবদুল্লাহপুর ও কাঁচপুরে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হবে।
সভায় ব্যক্তিমালিকানাধীন বাস পরিচালনা নিয়ে আলোচনা হয় এবং মহানগরীতে এ ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন কোম্পানীর মাধ্যমে বাস চালানোর সিদ্ধান্ত হয়।
বাস মালিকদের জন্যে গ্যারেজ আবশ্যিক করা ছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, মহানগরীর বাইরে এ সব গ্যারেজ করতে হবে।
সভায় মহানগরীতে এখানে সেখানে গাড়ি পার্কিং করার কারনে যানজট সৃষ্টি হয় অভিমত প্রকাশ করা হয়।
এছাড়া সভায় পরিবহন খাতে চাঁদা-বাজী বন্ধ করতে ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির রেজিট্রেশন বাতিলের সিদ্ধান্তও হয়।
এ সময় পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জি এম সিরাজ এমপি, এস এ খালেক এমপি, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
সভায় পরিবহন সেক্টরে বিভিন্ন সমস্যা নিরসন, চাঁদাবাজী বন্ধ ও বেআইনী কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য ২০০৩ সালের সেপ্টেম্বরে গঠিত সুপারিশ কমিটির তিন দফা সুপারিশ প্রশাসনিক পদক্ষেপ, শ্রমকল্যান আইন প্রনয়ণ ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বাস্তবধর্মী পদ্ধতি তৈরির জন্য বিআরটিএর চেয়ারম্যানকে অনুরোধ করে তিনি বলেন, যারা গাড়ি চালায় এদের বেশির ভাগ অশিক্ষিত তাদেরকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে লিখিত পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষা দিতে না পেরে টাকা দিয়ে সংশ্লিষ্টদের থেকে পাশ করে থাকে। এই পদ্ধতি পরিবর্তন করে নতুন পদ্ধতি চালু করতে আহ্বান জানান।
সভায় ঢাকা শহরে সিএনজি সংখ্যা বাড়ার কারনে জানজট বৃদ্ধি পেয়েছে বলে অভিমত প্রকাশ করা হলে
যোগাযোগমন্ত্রী মহানগরীতে কতগুলো সিএনজি গাড়ি চলাচল করবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য সচিবকে নির্দেশ দেন। একই সাথে তিনি ময়ুরী প্রধান সড়কে চলাচল না করার জন্যও নির্দেশ দেন।
অন্যান্যের মধ্যে যোগাযোগ সচিব, শ্রম ও কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
