২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড তাপদাহ ও ভাইরাসে দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্প বিপর্যয়ের মুখে

বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার লোনা পানির বাগদা চিংড়ি ঘেরে ‘হোয়াইট স্পট‘ ভাইরাস দেখা দেওয়ায় ইতোমধ্যে এ অঞ্চলের শতকরা ৩০ ভাগ ঘেরের চিংড়ি মারা পড়েছে। প্রচন্ড তাপদাহ ও ভাইরাসে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে চিংড়ি শিল্পে এখন বিপর্যয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 01:14 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

চিংড়ি ঘেরে মারাত্মক এই ভাইরাসের কোনও ঔষধ এ পর্যন্ত আবিস্কার হয়নি বলে মৎস্য বিভাগ জানায়।

সূত্র জানায়, জীবানুযুক্ত চিংড়ির রেণু, পরিবেশজনিত দুষণ, ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ, খরাজনিত কারণ, নিম্নমানের খাবার এবং দীর্ঘ সময় লোনা পানিতে আটকে থাকার কারণে চিংড়ি ঘেরে ভাইরাসসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।

মৎস্য অধিদপ্তর ও দ্বিতীয় মৎস্য উন্নয়ন প্রকল্পের মৎস্য বিশেষজ্ঞ পিটার এ লারকিনস’র ১৯৯৫ সালের রিপোর্টে দেখা যায়, ১৯৯৪ সালে কক্সবাজার অঞ্চলে অর্ধনিবিড় ও নিবিড় চিংড়ি খামারে প্রথম ভাইরাস সংক্রামক রোগ দেখা দেয়।

বাগেরহাট জেলা মৎস্য অফিস জানায়, প্রচণ্ড তাপদাহ ও হোয়াইট স্পট ভাইরাসে জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে বাগেরহাট সদর, রামপাল ও মংলা এলাকায় চিংড়ি ঘের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বছরের মে মাস থেকে চিংড়ি ঘেরগুলোতে ভাইরাস আক্রমণ শুরু হয়েছে। ঘেরে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চিংড়ি পোনা ছাড়া হয়। ৯০ থেকে ১১০ দিনের মধ্যে চিংড়ি পূর্ণাঙ্গ বয়স্ক হয়। চিংড়ি ঘেরে পোনা ছাড়ার ৪৫ দিনের মধ্যে ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ভাইরাস লাগার ২/৩ দিনের মধ্যে চিংড়ি মারা যায়। চিংড়ির গায়ে সাদা সাদা দাগ দেখা যায়। অতিরিক্ত খড়া ও পানি স্বল্পতার কারণে চিংড়ি মারা যায়। ঘেরে পানির তাপমাত্রা ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাছ স্বাভাবিক থাকে। বর্তমানে অধিকাংশ ঘেরে পানির তাপমাত্রা রয়েছে ৩৪ থেকে ৩৫ ডিগি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও কয়েকদিন থাকলে চিংড়ি শিল্পের বিপর্যয় বেড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. নিত্যানন্দ দাস বিডিনিউজকে জানান, ভাইরাসে আক্রান্ত বিভিন্ন চিংড়ি ঘের তিনি পরিদর্শন করেছেন। চলতি অর্থবছরে জেলায় ৮৫০ জন চিংড়ি চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোন ঘেরে হোয়াইট স্পট ভাইরাস সংক্রামিত হলে তার কোনও চিকিৎসা নেই। তবে চিংড়ি ঘেরে ভাইরাস আক্রান্ত না হওয়ার জন্য চাষীদের প্রশিক্ষণ দিতে হবে।

জাতীয় চিংড়ি চাষী সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস মাহমুদ বিডিনিউজকে জানান, পরিবেশগত কারণেই দক্ষিণাঞ্চলের চাষীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বেশ কজন চিংড়ি চাষী বিডিনিউজকে জানান, অনেকে জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে চিংড়ি চাষ করছে। এ অবস্থায় তারা চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে।

‘হোয়াইট গোল্ড’ খ্যাত চিংড়ি মাছ রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে। দক্ষিণাঞ্চলের মানুষের বড় একটি অংশ এ চিংড়ি শিল্পের ওপর নির্ভরশীল। প্রায় প্রতি বছরই চিংড়ি ঘেরে মড়ক লেগে হাজার হাজার মানুষ নিঃস্ব হচ্ছে। আর বাংলাদেশ বঞ্চিত হচ্ছে বৈদেশিক মুদ্রা থেকে।