চীন বাণিজ্য উন্নয়নে কুনমিং-চট্টগ্রাম সংযোগ সড়ক নির্মাণের চিন্তা করছে
দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারনের লক্ষ্যে মায়ানমার হয়ে কুনমিং-চট্টগ্রাম সংযোগ সড়ক নির্মাণের চিন্তা করছে চীনা কর্মকর্তারা। সোমবার তারা এ কথা জানিয়েছেন।
১৩তম চীন কুনমিং রপ্তানি ও আমদানি পণ্য মেলা ২০০৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের পর ইউনান প্রদেশের পররাষ্ট্র বিভাগের উপ পরিচালক শি মিংহুই জানান, আমরা চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করছি।
চীনা কর্মকর্তাদের পরিকল্পনা সমর্থন করে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান বলেন, মায়ানমার হয়ে কুনমিং-চট্টগ্রাম সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি আলোচনাধীন রয়েছে।
বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইতোমধ্যে আমরা এ ব্যাপারে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করেছি। এ পদক্ষেপের মাধ্যমে চীন দুটি সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি পাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত, চীন এবং মায়ানমারকে নিয়ে অপর একটি অর্থনৈতিক গ্রুপ গঠনের বিষযটি নিয়েও স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনা চলছে।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন, চীন উচ্চ মুল্যের পণ্যের দিকে ধাবিত হচ্ছে বিধায় বাংলাদেশ চীনের প্রায় ১৫০ মিলিয়নের মধ্যবিত্ত গ্রাহকের টেক্সটাইল বাজার দখল করতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, পাট ও চামড়া পণ্যসহ ৮৩ টি বাংলাদেশি পণ্য চীনের বাজারে প্রবেশের অনুমতির জন্য সমাজতান্ত্রিক দেশটি শিগগিরই ব্যাংকক চুক্তির বাস্তবায়ন করবে। কেননা চীন উদারনীতির বাজার শুরু করেছে।
তিনি বলেন, চীনের কুনমিং ও তিব্বতসহ মায়ানমারেও বাংলাদেশ তার পণ্য বিক্রি করতে পারে।
আশফাকুর রহমান বলেন, চীন বিনিয়োগের জন্য বালাদেশের নাম তালিকাভুক্ত করেছে। চীনা স্পিনিং মিলগুলোকে বাংলাদেশে স্থানান্তরের জন্য আমি চীনা কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি।
কুনমিং মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ঢাকা চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান, একদিকে বলতে গেলে চীন আমাদের প্রতিদ্বন্দ্বি, দেশটি আমাদের পণ্যের বাজার হবার কথা নয়।
কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র চীন থেকে টেক্সটাইল পণ্য আমনির ওপর বিধিনিষেধ আরোপ করায় চীন অন্যান্য দেশে বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগে বাধ্য হচ্ছে।
সাইফুল ইসলাম আরও বলেন, আমরা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র খুঁজতে এখানকার (কুনমিং) বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি। এ ব্যাপারে শিগগির একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে পারে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টাস এসাসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, আমরা বাংলাদেশি টেক্সটাইল পণ্য বিক্রির এবং বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টির জন্যে কুনমিং মেলায় অংশগ্রহণ করেছি।
আমাদের টেক্সটাইল পণ্যের ব্যাপারে চীনা গ্রাহকদের বেশ আগ্রহ রয়েছে। তারা এমনকি মেলায় আমাদের প্রদর্শিত পণ্যও কিনতে চাচ্ছে।
বাংলাদেশি ব্যবসায়িরা আশা করছে মেলায় অংশগ্রহণের ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে।
ইউনান প্রদেশের চাইনিজ কম্যুনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বেন এনপাই প্রাদেশিক রাজধানী কুনমিং-এ বার্ষিক এই মেলার উদ্বোধন করেন।
তিনি চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কুনমিং এবং ঢাকার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের মাধ্যমে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি পাবে।
এনপাই মেলা প্রাঙ্গনে বাংলাদেশি স্টল ঘুরে দেখার সময় অংশগ্রহণকারী বাংলাদেশীদের বলেন, আমরা তোমাদের কাছ থেকে আরও অংশগ্রহণ আশা করি।
এর আগে মেলায় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অংশগ্রহণ করলেও গত বছর থেকে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো অংশ নিচ্ছে।
আশফাকুর রহমান বলেন, গত বছর চীন বাংলাদেশে দুই বিলিয়ন মার্কিন ডলার মুল্যের পণ্য রপ্তানি করেছিল। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করেছিল মাত্র ২০ মিলিয়ন মার্কিণ ডলার মুল্যের পণ্য। চলতি বছর এ সংখ্যা ৬০ মিলিয়ন-এ দাঁড়াতে পারে।
