২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিকসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ কমিয়ে কৃষি ও শিক্ষাসহ উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব

জাতীয় বাজেটে সামরিকসহ অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি এবং শিক্ষাসহ উৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিনটি মানবাধিকার সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 02:29 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জাতীয় প্রেসক্লাবে সোমবার তিনটি বেসরকারি সংগঠন আয়োজিত ‘বাজেট ও জীবিকা নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশীপ সেন্টার (বিডিপিসি), বাংলাদেশ কোয়ালিশন ফর চাইল্ড রাইটস (বিসিসিআর) এবং নারী ও মানবাধিকার ফোরাম (নামাফ) যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে সংগঠন তিনটির পক্ষে আগামী অর্থবছরের বাজেটে ১১টি খাতের জন্যে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করা হয়।

এক প্রশ্নের জবাবে বিডিপিসি’র পরিচালক শরীফ এ কাফি সামরিক খাতকে অনুৎপাদনশীল হিসেবে উল্লেখ করে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সামরিক খাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দের কোনও যৌক্তিকতা নেই। কারণ বর্তমান অবস্থায় বাংলাদেশের সামরিক বাহিনীর পক্ষে এককভাবে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্যে এ বাহিনীকে পর্যায়ক্রমে গড়ে তুলতে হবে। বিদেশী কোনও শক্তির আক্রমণ বা প্রতিবেশীদের থেকে দেশকে রক্ষা করতে সমঝোতার নীতি মেনে চলাই উত্তম।

তিনি ভারতে পাচারের অজুহাতে ডিজেলের মূল্য বৃদ্ধির সমালোচনা করে বলেন, ডিজেল পাচার হলে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিডিআর বা অন্য বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ জন্যে কৃষকদের ওপর মূল্য বৃদ্ধির বোঝা চাপানোর প্রয়োজন নেই।

সংগঠন তিনটির প্রস্তাবের মধ্যে রয়েছে, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির আগে খেলাপি গ্রাহকদের কাছ থেকে অনাদায়ী মূল্য আদায়, সরকারি অনুমোদন ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে ব্যবস্থা গ্রহণ, যথাযথভাবে আয়কর আদায়, বাই-সাইকেলের ওপর শুল্ক প্রত্যাহার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা।