তথ্য প্রযুক্তি খাতে আগামী ৫ বছরের জন্য শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে আইসিটি সংগঠনসমূহ
বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যাণ্ড ইনফরমেশন সার্ভিসেসসহ (বিএএসআইএস) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন সংগঠন রোববার ২০০৫-২০০৬ জাতীয় বাজেটে তথ্য প্রযুক্তি খাতের কর প্রত্যাহারের দাবি জানিয়েছে।
দেশের বৃহৎ আইসিটি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আসন্ন বাজেট সংক্রান্ত প্রস্তাবে সরকারের কাছে কম্পিউটার ও এর খুচরা যন্ত্রাংশ বিক্রির ওপর থেকে আরোপিত ট্যাক্স প্রত্যাহারের আহ্বান জানায়।
২০০৩ সালে কম্পিউটার ও এর খুচরা যন্ত্রাংশের ওপর ভ্যাট আরোপ করা হয়।
কম্পিউটার ব্যবসায়ী ও আমদানিকারকরা কম্পিউটার বিক্রি, আমদানি ও সংগ্রহের ক্ষেত্রে ট্যাক্স দিয়ে যাচ্ছে। বিসিএস’র সভাপতি এসএম ইকবাল বলেন, খুচরা কম্পিউটার বিক্রেতাদেরকে তাদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী পাঁচ বছর ট্যাক্স না দিয়ে কম্পিউটার বিক্রির অনুমতি দেয়া উচিত।
তিনি দেশের বিকাশমান এ সেক্টরকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য আগামী পাঁচ বছর আইসিটি প্রতিষ্ঠানের আয়ের ওপর থেকে কর প্রত্যাহারেরও দাবি জানান।
জাতীয় সফটওয়্যার ও আইটিইএস শিল্প বণিক সমিতি বেসিস এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজ’র (এফবিসিসিআই) কাছে একটি প্রস্তাব পেশ করেছে।
বেসিস’র সহসভাপতি নুরুল কবির বলেন, এ বছর ৩০ জুন সফটওয়্যার ব্যবসার ক্ষেত্রে আয়করমুক্ত সুবিধা শেষ হতে যাচ্ছে। বাংলাদেশের আইসিটি শিল্পের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে তিনি ২০১০ সাল পর্যন্ত এ সুবিধা বজায় রাখার দাবি জানান।
এছাড়া সফটওয়্যার শিল্পের মতো আইটি বিষয়ক শিক্ষা বা প্রশিক্ষণ ব্যবসার জন্যও এ ব্যবস্থা করার প্রস্তাব করেছে বেসিস। সরকারের আইসিটি বিনিয়োগের ক্ষেত্রে শতকরা দুই ভাগ এডিপি বরাদ্ধেরও দাবি করে সংগঠনটি।
তবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বিডিনিউজকে জানান, জাতীয় বাজেটের ব্যাপারে তাদের সংগঠন এখনো কোনো প্রস্তাবণা বা সুপারিশ তৈরি করেনি।
