চট্টগ্রাম বন্দরে দক্ষ ব্যবস্থাপনা চান মেয়র মহিউদ্দিন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) পুনঃনির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বেসরকারী ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর পরিচালনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং বন্দরে দক্ষ ও বিশেষজ্ঞদের নিয়োগ না করায় সরকারের সমালোচনা করে বলেছেন কায়েমী স্বার্থ সরক্ষণের জন্যেই এটা করা হচ্ছে।
শনিবার সংবাদ সংস্থা বিডিনিউজ পরিদর্শনকালে মেয়র বলেন, বিভিন্ন সরকারের আমলাতান্ত্রিক দুর্নীতি ও স্বজনপ্রিতির কারণেই বন্দরের ব্যবস্থাপনায় সঠিক লোকের নিয়োগ হয়নি। অথচ এ বন্দর আমাদের দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারতো।
বিডিনিউজ সম্পাদক রাশেদ চৌধুরী, বার্তা সম্পাদক এনামুল হক চৌধুরী এবং চিফ করেসপন্ডেন্ট জাহিদ নেওয়াজ খান জুয়েল মেয়রকে সাদর অভিনন্দন জানান।
মেয়র বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় না ছেড়ে দিয়ে বর্তমান অবস্থাতেই যদি বন্দরে দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে কোটামুক্ত বিশ্ববাজারে চট্টগ্রাম বন্দরের প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে।
তিনি বলেন, যেহেতু ২০০৫ সালের শুরু থেকে বিশ্বে একক বাজার ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে, তাই সরকারের উচিত হবে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে অধিক মনোযোগী হওয়া।
তিনি বলেন, দেশের আরেকটি সমুদ্র বন্দর মংলা অনেকটা ব্যস্ততাহীন হয়ে পড়ায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অনেক বেড়ে গেছে।
মেয়র বলেন, “চট্টগ্রাম বন্দরে দক্ষ ব্যবস্থাপনার অভাব বন্দরটিকে প্রতিদ্বন্দ্বিতার দিক দিয়ে অনেক পেছনে ফেলে দিয়েছে। বন্দরের বেশিরভাগ জনশক্তিই দক্ষ নয়।
তবে তিনি বন্দরের ব্যবস্থাপনাকে বেসরকারি খাতে দেওয়ার পক্ষপাতি নন। তিনি বলেন, বরং ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষ লোক নিয়োগের জন্য সরকারের নীতির পরিবর্তন হওয়া দরকার। চট্টগ্রামের বন্দরের প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি ও উপকূলে নাব্যতা বাড়াতে হবে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা গত ১৩ মে বাংলাদেশ সরকারকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। যেহেতু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায়, সেজন্য চট্টগ্রাম বন্দরের উন্নতি সাধন করা জরুির। ইউরোপীয় ইউনিয়নও একই সুপারিশ করেন।
চট্টগ্রাম বন্দরের নাব্যতা ২৫০ মিটার থেকে ৬০০ মিটারে বৃদ্ধি করা না গেলে এর কার্যকারিতা বাড়ানো সম্ভব নয়।
চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেল থেকে ফিডার ভেসেলে মালামাল ওঠানো নামানোর কাজ করা হচ্ছে। নাব্যতার কারণে মাদার ভেসেল বা বড় জাহাজগুলো বন্দরে নোঙ্গর করতে পারে না।
মহিউদ্দিন বলেন, এ ধরনের পরিস্থিতির কারণে ব্যাপক সময় অপচয় হয় এবং এটি দেশের জন্য ক্ষতিকর। এতে বন্দরের কার্যক্রম শ্লথ হয়ে যাওয়ায় দেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানির বাণিজ্যে লিড টাইম বেড়ে যায়।
তিনি আরও বলেন, বিদেশের ক্রেতারা কাপড় আমদানির সময় স্বল্প লিড টাইমকে গুরুত্ব দেয়।
মহিউদ্দিন বলেন, মাদার ভেসেল থেকে ফিডার ভেসেলে এবং ফিডার ভেসেল থেকে মাদার ভেসেলে মালামাল ওঠানামা করার জন্য চট্টগ্রাম বন্দরে গেন্টি ক্রেইনের ব্যবহার চালু করা দরকার।
মেয়র মহিউদ্দিনের সাথে সুর মিলিয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সহ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বিডিনিউজকে ফোনে জানান, আমি বুঝতে পারছি না কেনো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোন আধুনিক যন্ত্রপাতি ক্রয় করছে না। বর্তমান পরিস্থিতিতে দেশের সুনাম নষ্ট হচ্ছে।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, অক্টোবর মাসে জাপান থেকে চারটি গেন্টি ক্রেইন বন্দরে আনা হচ্ছে।।
বছরে প্রায় পাঁচ হাজার জাহাজ চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করে।
