উইনটেল লিমিটেডের গ্রাহক সন্তুষ্টি কার্যক্রম
মোবাইল সেট ও আইটি পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান উইনটেল লিমিটেড গ্রাহক সন্তুষ্টির জন্য এই প্রথম বাংলাদেশের বাজারে নিয়ে আসছে কাস্টমার ইনসেনটিভ কার্ড (সিআইসি)।
রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে উইনটেলের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম বলেন, সিআইসি একটি কম্পিউটারাইজড প্রোগ্রাম্যাবল প্লাস্টিক কার্ড। ক্রেতারা এ কার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের পুরস্কারের সুবিধা পাবেন। পকেট ক্যালকুলেটার থেকে শুরু করে ঢাকা-লন্ডন-ঢাকা অথবা ঢাকা-নিউইয়র্ক-ঢাকার বিমান টিকেট পর্যন্ত এ পুরস্কারের আওতায় রয়েছে।
তিনি বলেন, উইনটেল সারা দেশের বিভিন্ন দোকানে ও শপিং মলে একটি কার্ড পাঞ্চিং মেশিন স্থাপন করবে। কার্ডধারী গ্রাহক তালিকাভুক্ত দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে তার ইনটেনসিভ কার্ডটি পাঞ্চ করলে ক্রয়কৃত দ্রব্যের ওপর ভিত্তি করে কার্ডে পয়েন্ট যোগ হবে। জমানো পয়েন্টের বিপরীতে গ্রাহক উপহার সামগ্রী বা নগদ অর্থ পাবেন।
উইনটেল তিন রকমের সিআইসি কার্ড ছেড়েছে। দু বছর মেয়াদী ৫০ টাকার কার্ড, পাঁচ বছর মেয়াদী ১০০ টাকার কার্ড এবং আজীবন সুবিধা পেতে ৫০০ টাকার কার্ড। কার্ড হোল্ডারদের বাড়তি কোনও ফি প্রদান করতে হবে না।
তালিকাভুক্ত দোকানগুলোতে সিআইসি কার্ডের জন্য ফরম পাওয়া যাবে। তালিকাভুক্ত দোকানগুলো ছাড়াও আবেদনকারীদের কাছে ডাকযোগে এ কার্ড সরবরাহ করবে উইনটেল। আগ্রহী প্রার্থীরা কার্ডের জন্য সরাসরি অথবা www.cicbd.com এই ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করতে পারেন।
উইনটেল ইতিমধ্যে ৩০০টি কোম্পানি ও চেইন শপকে তাদের তালিকাভুক্ত করেছে। বছর শেষে আরও ১ হাজার ৫০০টি কোম্পানি ও চেইন শপ তাদের তালিকাভুক্ত হবে বলে আশা প্রকাশ করেছে উইনটেল। খুব শিগগিরই এ কার্যক্রম জনপ্রিয়তা পাবে বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উইনটেল লিমিটেডের পরিচালক এটিএম মাহবুবুল আলমও উপস্থিত ছিলেন।
