শেডের বাইরে আমদানিকৃত গাড়ি না রাখার সিদ্ধান্ত নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) শেডের বাইরে আমদানিকৃত গাড়ি না রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ ব্যাপারে গাড়ি আমদানিকারকদের সঙ্গে কর্তৃপক্ষ শিগগিরই আলোচনায় বসবে।
বন্দরের পরিচালক (ট্রাফিক) আহসানুল কবির বিডি নিউজকে সোমবার জানান, এ ব্যাপারে কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
বন্দর সূত্র জানায়, আমদানি করা গাড়ি রাখার জন্যে বন্দর অভ্যন্তরের বিওএফ শেডের ৮০ হাজার বর্গফুট জায়গা নির্ধারিত আছে। কিন্তু নির্ধারিত শেড ছাড়াও বাইরের খোলা জায়গায় গাড়ি রাখা হচ্ছে।
বন্দরের শেডকে আমদানিকারকরা গ্যারেজ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। অধিকাংশ আমদানিকারক বন্দরের শেড থেকে সরাসরি ক্রেতার হাতে গাড়ি পৌঁছানোর চেষ্টা করে। এ কারণেই প্রায় সময় বন্দরে অতিরিক্ত গাড়ির ভিড় সৃষ্টি হয়।
গাড়ির জন্যে নির্ধারিত ৮০ হাজার বর্গফুটের দুটি শেডে সর্বোচ্চ এক হাজার ৫০০ গাড়ি রাখা যায়। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে শেডের বাইরে আর গাড়ি রাখা যাবে না।
এ প্রসঙ্গে আহসানুল কবির আরও জানান, বন্দরের কর্মকাণ্ড আধুনিকায়নের জন্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোপূর্বে কাঠ, তুলা ইত্যাদির ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সূত্র আরও জানায়, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট পক্ষগুলো যাতে আর্থিক ক্ষতি কিংবা কোনও ধরনের অসুবিধার শিকার না হয়, সে ব্যাপারে কাস্টমস্ কর্মকতা ও আমদানিকারকদের সঙ্গে আলোচনা করা হবে।
বন্দরে গড়ে প্রতিদিন এক হাজার ৮০০ থেকে দু হাজার গাড়ি থাকে। এসব গাড়ি সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে বন্দর থেকে খালাস করতে হয়। জাহাজ থেকে খালাসের পর থেকে সাত দিন পর্যন্ত প্রতিটি গাড়ির জন্যে ২৪ টাকা ৬০ পয়সা হারে ইয়ার্ড ভাড়া দিতে হয়। তবে সাত দিনের পর থেকে অতিরিক্ত হারে ভাড়া কার্যকর করা হয়।
