২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দারিদ্র্য দূরীকরণের বাজেট’ আখ্যায়িত করে এফবিসিসিআই’র অভিনন্দন

দারিদ্র্য দূরীকরণ, গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি অর্জনের বাজেট আখ্যায়িত করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) প্রস্তাবিত ২০০৫-২০০৬ অর্থবছরের বাজেটকে অভিনন্দন জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তবে সার্বিক অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনও পদক্ষেপের কথা উল্লেখ না থাকায় এফবিসিসিআই দুঃখ প্রকাশ করেছে।

এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, কৃষি ক্ষেত্রে ভর্তুকি প্রদানসহ কৃষি যন্ত্রপাতির শুল্কমুক্ত আমদানির সুযোগ দেয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে।

প্রস্তাবিত বাজেট ফার্মাসিউটিক্যালস, পোল্ট্রিসহ অন্যান্য শিল্পের উন্নয়নে সহায়ক হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

এফবিসিসিআই নেতৃবৃন্দ রাজস্ব কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে কর ন্যায়পাল নিয়োগের দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, কিছু ইতিবাচক দিক সত্ত্বেও প্রস্তাবিত বাজেটে অর্থ বিষয়ক নীতিমালা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এক্ষেত্রে একটি অর্থ বিষয়ক কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা।

এছাড়াও গ্রামাঞ্চলে ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটি আইন প্রণয়ন করার এবং কৃষি ও ক্ষুদ্র শিল্পকে ঋণ সহায়তা দেওয়ার দাবি জানান এফবিসিসিআই নেতৃবৃন্দ।