২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ শিপিং করপোরেশন ২৭ বছর পর লভ্যাংশ দিচ্ছে

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) দীর্ঘ ২৭ বছর পর শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে। বুধবার অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিগত ২০০৩-০৪ অর্থ বছরের জন্য পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিএসসি সূত্র জানায়, ১৯৮৩ সালের পর এই প্রথমবারের মত সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়া হচ্ছে। ১৯৭৭ সালে বিএসসি সাড়ে ১২ শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে।

বিএসসি’র জেনারেল ম্যানেজার (অর্থ) শহীদুল ইসলাম বিডিনিউজকে বলেন, দীর্ঘদিন লোকসান দেওয়ার পর বিগত ২০০৩-০৪ অর্থ বছরে আমরা ১৫ কোটি টাকার বেশি লাভ করতে পেরেছি। বিপুল পরিমাণের ঋণ থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের উৎসাহিত করতেই আমরা পাঁচ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিএসসি’র অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের শেয়ার ১৭ কোটি ৫০ লাখ টাকা। পাবলিক খাতের আড়াই কোটি টাকার মধ্যে ইসলামি ব্যাংকের শেয়ার দু কোটি টাকা। অপর ৫০ লাখ টাকা শেয়ারের মালিক ১ হাজার ৫ শ’ ৭৩ জন।

বর্তমানে বিএসসি’র ঋণের পরিমাণ ২ শ’ ৬২ কোটি টাকা। আর এসব টাকার পুরোটাই সরকার ঋণ হিসেবে দিয়েছে। বিএসসির নতুন গঠনতন্ত্র অনুমোদন হলে সরকারের দেওয়া ঋণের একটি অংশ মালিকানার অংশ হিসেবে একীভূত করা হবে। তখন সরকারের মালিকানার পরিমাণ দাঁড়াবে ৯৯.১ শতাংশ।