চট্টগ্রামে তিন দিনব্যাপী উইমেন এন্টারপ্রেনার্স প্রোডাক্ট এক্সপো শুরু বুধবার
শিল্পখাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে উইমেন এন্টারপ্রেনার্স প্রোডাক্ট এক্সপো-২০০৫।
সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিন দিনব্যাপী মেলা আগামী ১৭ জুন পর্যন্ত চলবে।
ইউএস চেম্বার অব কমার্সের সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের সহায়তায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে। মেলায় মোট ৩৮ টি স্টল থাকছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন খাতের শিল্পোদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী মেলায় প্রদর্শন করবেন। মেলা সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলার আয়োজন প্রসঙ্গে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বিডিনিউজকে বলেন, মোট জনসংখ্যার বিরাট একটা অংশ নারীকে বাদ দিয়ে কখনই উন্নয়ন সম্ভব নয়। শিল্পখাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।
