২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫-০৬ অর্থবছরে সরকারের রপ্তানি লক্ষ্য ৯,৫৯৯ মিলিয়ন ডলার

২০০৫-০৬ অর্থবছরের জন্য সরকার ৯,৫৯৯ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্য নির্ধারণ করেছে। ২০০৪-০৫ অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বলে সরকারি সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, এই লক্ষ্যমাত্রার মধ্যে ওভেন গার্মেন্টস রপ্তানি থেকে ৪৮ শতাংশ এবং নিটওয়্যার রপ্তানি থেকে ২৪ দশমিক ৫ শতাংশ আয়ের আশা করা হচ্ছে।

ইপিবি সোমবার এক বৈঠকে পরবর্তী অর্থবছরের জন্য নতুন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

বিদায়ী অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৮,৫৬৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। এপ্রিল পর্যন্ত ১০ মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হয় ৬,৯৬১ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার। যা এই সময়ের কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ১ শতাংশ বেশি ছিল।

ইপিবি’র এক কর্মকর্তা জানান, কোটা প্রথা উঠে যাওয়া সত্ত্বেও টেক্সটাইল খাতে সর্বোচ্চ রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা ওভেন এবং নিট-সাব সেক্টরে মোট ৬,৯৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। যা বর্তমান অর্থবছরের চেয়ে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বেশি।

পরবর্তী অর্থবছরে হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে ৫১০ ও ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের চেয়ে যথাক্রমে ১৬ ও ১৭ শতাংশ বেশি।

অন্যদিকে সফটওয়্যার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র জানায়, পরবর্তী অর্থবছরে দেশের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ইপিবি ২৯ টি আন্তর্জাতিক মেলায় অংশ নেবে। এর মধ্যে এককভাবে বাংলাদেশ লণ্ডন, নেপাল, শ্রীলংকা, মায়ানমার, ভুটান, থাইল্যাণ্ড এবং প্যারিসে সাতটি মেলার আয়োজন করবে।

২০০২-০৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৬,৫৪৮ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০০৩-০৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ৭,৬২৭ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।