২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদে ৪,৮৯৫ কোটি টাকার সম্পূরক বাজেট পাশ

জাতীয় সংসদে মঙ্গলবার ২০০৪-০৫ অর্থবছরের চার হাজার ৮৯৫ কোটি টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে। গত অর্থবছরে সম্পূরক বাজেটের পরিমান ছিল দুই হাজার ৭৩৮ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 10:18 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে মঙ্গলবার বৈঠক শুরু হলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান গত দু’দিনের বাজেট আলোচনা জবাব দেন।

চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে সর্বোচ্চ অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে কৃষি এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে। রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ ও বিভিন্ন মন্ত্রণালয়সহ ৪৬টি সেক্টরে এ অতিরিক্ত বরাদ্দ অনুমোদন করা হয়েছে। বাজেটে অতিরিক্ত বরাদ্দ উন্নয়ন ও অনুন্নয়ন খাতে খরচ করা হয়েছে।

সংসদে সম্পূরক বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, সংশোধিত বাজেট বাংলাদেশে নতুন নয়।

তিনি বলেন, সামগ্রিকভাবে চলতি বছরে বাজেট ২ দশমিক ৮২ শতাংশ হ্রাস পেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে।

সাইফুর বলেন, জনগণের কল্যাণে বন্যায় ২৮৭ কোটি টাকা, কৃষি ভর্তুকি ৬১৫ কোটি টাকা এবং অনুদান হিসেবে ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সম্পূরক বাজেটের প্রতি খাতের ওপর জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগের সদস্যরা ছাটাই প্রস্তাব আনলেও মাত্র ৮টি খাতের ওপর ছাটাই প্রস্তাবে তারা আলোচনায় অংশ নেন। তাদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

সংসদের অধিবেশন বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বুধবার ২০০৫-০৬ সালের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হবে।