২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁকড়া হতে পারে অন্যতম প্রধান রপ্তানি পণ্য

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোনা পানিতে চিংড়ির পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে কাঁকড়া উৎপাদনের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা থাকায় কাঁকড়া উৎপাদনে আরও যত্নশীল হয়ে উঠছেন সংশ্লিষ্ট চাষীরা। রপ্তানিকারকরা বলছেন, কাঁকড়া হতে পারে অন্যতম প্রধান রপ্তানি পণ্য।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 02:06 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জানা গেছে, চলতি অর্থবছরে (২০০৪-০৫) বাংলাদেশ প্রায় ১৫ শ ৯১ মেট্্িরক টন কাঁকড়া বিদেশে রপ্তানি করেছে। এর থেকে আয় হয়েছে প্রায় ২২ দশমিক ৪ কোটি টাকা। আগের অর্থবছরে এ আয়ের পরিমাণ ছিল প্রায় ছয় কোটি টাকা। এ বছর রপ্তানি হয় প্রায় ৪ শ ৪৪ মেট্্িরক টন কাঁকড়া। বছরান্তে উৎপাদন এবং আয় তিন গুণ বৃদ্ধিতে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। দেখা দিয়েছে এ খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থানের সুযোগ।

রপ্তানি উন্নায়ন ব্যুরো জানায়, বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, জাপান, হংকং, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কাঁকড়া আমদানি করছে। ১৯৭৭-৭৮ অর্থবছরে বাংলাদেশ থেকে অপ্রচলিত পণ্য হিসেবে বিদেশে প্রথম কাঁকড়া রপ্তানি করা হয়। ওই বছর মাত্র ২৩ হাজার টাকার কাঁকড়া রপ্তানি হয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কাঁকড়ার চাহিদা বাড়ার সাথে সাথে এখন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

কাঁকড়া চাষীরা বিডিনিউজকে জানায়, স্থানীয় বাজারে কাঁকড়ার দাম ৮০ থেকে ১ শ ১০ টাকা। তবে বড় বাজারে বিভিন্ন ধরনের প্রতি কেজি কাঁকড়ার দাম ৩ শ থেকে ৪ শ টাকা। চিংড়ি মাছের পোনার মতো উপকূলীয় এলাকার নদ-নদী থেকে ছোট কাঁকড়া আহরণ করে নির্দিষ্ট পুকুরে বা ঘেরে মোটাতাজা করা হচ্ছে। কাঁকড়া মোটাতাজা করে রপ্তানি উপযুক্ত করতে সময় লাগে মাত্র ১৫ থেকে ২০ দিন।

মৎস্য অধিদপ্তর সূত্র বিডিনিউজকে জানায়, কাঁকড়া চাষের উপযুক্ত স্থান হচ্ছে লোনা পানি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার লোনা এলাকা হওয়ায় বর্তমানে এখানে বাণিজ্যিকভাবে কাঁকড়া উৎপাদন হচ্ছে। সুন্দরবন এলাকায় প্রায় ৫০ হাজার জেলে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছে বলে বেসরকারি সংস্থা কেয়ার এক জরিপে তথ্য দিয়েছে।

কেয়ার এর পিডিও আব্দুল মান্নান বিডিনিউজকে বলেন, চাষীরা নিজ অভিজ্ঞতায় কাঁকড়া মোটাতাজা করছে। আধুনিকভাবে চাষ করা হলে এর রপ্তানি সম্ভাবনা প্রবল। কাঁকড়া অপ্রচলিত পণ্য হিসেবে রপ্তানি শুরু হলেও এখন জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের অবদান রাখছে। প্রতিবছর রপ্তানি আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় হিমায়িত খাদ্য রপ্তানিকারকরা এ খাতের সম্ভাবনার ব্যাপারে আত্মপ্রত্যায়ী হয়ে উঠছে।

রপ্তানিকারকরা বলছেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে শিগগিরই কাকঁড়া হয়ে উঠবে এ দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি পণ্য।