২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির আহবান জানিয়েছে

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং একটি দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য এলাকা গড়ে তোলার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা মঙ্গলবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সামনে রাখা বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, স্থিতিশীলতা, গণতন্ত্র, মধ্যপন্থা ও উন্নয়নের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে দক্ষিণ এশিয়াকে সাহায্য করাই মার্কিন সরকারের লক্ষ্য।

রোকা বলেন, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, জঙ্গি মৌলবাদীদের তৎপরতা বন্ধে তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বৃদ্ধি এবং নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সহায়তার মাধ্যমে মার্কিন সরকার এ অঞ্চলের দেশগুলোতে গণতন্ত্রের বিকাশ ঘটানোর চেষ্টা করছে।

গত এপ্রিলে স্বাক্ষরিত মুক্ত আকাশ চুক্তিকে ল্যান্ডমার্ক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটছে।

রোকা বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লি বাণিজ্যিক বাধা অপসারণ এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ ব্যবস্থা আরও জোরদারের উপায় খুঁজে দেখছে। বুধবার বিডিনিউজকে পাঠানো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়াশিংটন ফাইল থেকে এ তথ্য জানা যায়।

তিনি বলেন, মার্কিন সরকার পাকিস্তানের সাথে দীর্ঘ মেয়াদি সম্পর্কের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বুশ ২০০৯ সাল পর্যন্ত দেশটিকে মোট তিন বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন।

রোকা আরও বলেন, পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে মার্কিন সরকার আগ্রহী।