চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি ১৫ শতাংশ বেড়েছে
চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত দেশের মোট রপ্তানির পরিমান ৬৯৬ কোটি ১১ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। যদিও ক্রমহ্রাসমান ধারায় এপ্রিলে এ বৃদ্ধির পরিমান ছিলো ৩ দশমিক ৮ শতাংশ। রপ্তানি উন্নয়ন বুরো এ তথ্য জানায়।
বস্ত্রখাতে রপ্তানির পরিমান ২০০৪-০৫ অর্থবছরে প্রথমবারের মত মোট রপ্তানির ৭৫ শতাংশের নিচে নেমেছে। ওভেন গার্মেন্টস রপ্তানি বৃদ্ধি না পাওয়ায় মোট রপ্তানিতে কেবল এই খাতের অংশগ্রহন ৪১ শতাংশে দাঁড়িয়েছে।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে নিটওয়্যার খাতে ৩৫ দশমিক ৬ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়ে মোট রপ্তানির পরিমান দাঁড়ায় ২২ কোটি ৬৩ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। নিটওয়্যারের পাশপাশি হোম টেক্সটাইলের রপ্তানিও ১৮ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ডলারে দাঁড়িয়েছে ।
অন্যদিকে, এ বছরের শুরু থেকে ওভেন গার্মেন্টসের রপ্তানি ক্রমাগত হ্রাস পাচ্ছে। এ খাতে এপ্রিল পর্যন্ত রপ্তানির পরিমান ২৯০ কোটি ডলার। ওভেনে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬ শতাংশ কম অর্জিত হয়। যদিও গতবছরের একই সময়ে তুলনায় ২ দশমিক ৩ শতাংশ রপ্তানি বেড়েছে। তবে এ ধারা অব্যাহত থাকলে ওভেন গামেন্টসের মোট রপ্তানি নেতিবাচক হওয়ার সম্ভবনা রয়েছে। ওভেনের পাশাপাশি টেক্সটাইল ফেব্রিক্স রপ্তানিও গত বছরের তুলনায় প্রায় ৫৪ শতাংশ হ্রাস পেয়েছে।
চলতি বছরের মোট রপ্তানিতে মূল্যসূচক তেমন বৃদ্ধি পায়নি। এ বৃদ্ধির হার ১ দশমিক ৮৪ শতাংশ। যদিও এ বছরে পরিমানের দিক থেকে রপ্তানি ১৩ দশমিক ২২ শতাংশ বেড়েছে। রপ্তানি বৃদ্ধিতে পরিমানগত ও মূল্যসূচক উভয় ক্ষেত্রেই প্রাথমিক পণ্য বেশি ভূমিকা রাখে।
ওষুধ রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ রপ্তানির পরিমান ১ কোটি ৭৫ লাখ ডলার। যা গতবছরের তুলনায় ১২৪ শতাংশ বেশি। পাশাপাশি কৃষিজাত পণ্যে রপ্তানি ১২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ কোটি ৩৬ লাখ ডলারে দাড়িয়েছে ।
এছাড়াও সার খাতে প্রায় ৩৭ শতাংশ, পাটজাত দ্রব্যে প্রায় ২৩ শতাংশ, জুতোয় ২৮ শতাংশ, চামড়ায় ৭ শতাংশ, হিমায়িত খাদ্যে ১০ শতাংশ এবং সিরামিক পণ্যে ২০ শতাংশ রপ্তানি বেড়েছে।
অন্যদিকে, চা খাতে প্রায় ১ শতাংশ, বাই-সাইকেলে ৩ শতাংশ, পেট্রোলিয়ামজাত পণ্যে ১৭ শতাংশ রপ্তানি হ্রাস পায়।
