দুই শেয়ার বাজার একত্রীকরণে এডিবি প্রস্তাবনার বিরোধীতা করেছে ডিএসই
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রস্তাবিত দেশের দুই শেয়ার বাজার একত্রীকরণের বিরোধিতা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে তারা পার্শবর্তী দেশে একই ধরণের কার্যক্রমের সমীক্ষার ওপর নির্ভর করে ডিমিউচুয়ালাজেশনের বিষয়টি বিবেচনায় রাখছে।
বুধবার এডিবি’র প্রস্তাবিত মধ্যমেয়াদী প্রতিবেদন অনুসারে পুঁজি বাজার গর্ভনেস কর্মসূচির (সিএমজিপি) ওপর ডিএসই সকল সদস্যের জরুরি বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, ডিএসই বৃহস্পতিবার এসইসি-এডিবি আয়োজিত মার্জার অ্যান্ড ডিমিউচুয়ালাইজেশন শীর্ষক কর্মশালায় তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ছোট হওয়ায় ডিএসই একত্রীকরণের বিরোধিতা করেছে। যদিও ভারত ও পাকিস্তানে ডিমিউচুয়ালাজেশন কার্যক্রমের বাস্তবায়ন ও এর সমীক্ষার ওপর নির্ভর করে ডিএসই সদস্যরা এই পরিকল্পনা বিবেচনা করবে।
বর্তমানে ভারত ও পাকিস্তানে ডিমিউচুয়ালাজেশন বাস্তবায়নের কার্যক্রম চলছে।
ডিএসই’র এক কর্মকতা বিডিনিউজকে জানান, এডিবি দ্রুত তার অবস্থান পরিবর্তন করে। এর আগে এডিবি পুঁজি বাজার উন্নয়নে ৮ কোটি ডলার সাহায্য দিয়েছে। এ সাহায্যের আওতায় বেশ কয়েকটি শেয়ার বাজার গঠনের প্রস্তাব করেছিল।
সিএমজিপি’র আওতায় এডিবি সরকারকে ১২ কোটি ডলার সাহায্য দেবে। আগামী বছরে এ কার্যক্রম শুরু হবে।
সূত্র জানায়, এডিবি প্রতিবেদনে শেয়ার হোল্ডারদের থেকে পুঁজি বাজার ব্যবস্থাপনা পৃথক করার বিষয় উল্লেখ করা হয়েছে।
