বিদেশী বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক নীতিমালা সংস্কারের আহ্বান
বিদেশী বিনিয়োগ সংক্রান্ত দু’দিনব্যাপী দক্ষিণ এশীয় গোলটেবিল বৈঠক মঙ্গলবার ঢাকায় শেষ হয়েছে।
বৈঠকে আঞ্চলিক বানিজ্য শক্তিশালী করতে বিদেশী বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক নীতিমালা সংস্কার কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়।
বৈঠকে বলা হয়, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অথনৈতিক নীতিমালা সংস্কার ছাড়া স্থানীয় শিল্পের প্রতিযোগিতা বৃদ্ধি, বাণিজ্যমূল্য কমানো, প্রশাসনে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা সম্ভব নয়।
সাউফ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ), ব্রিটিশ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও ফরেন ইনভেস্টমেন্ট অ্যাডভাজরি সার্ভিসেস (এফআইএএস) যৌথভাবে ‘নীতিমালা সংস্কার বাস্তবায়ন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বক্তারা বলেন, অর্থনৈতিক নীতিমালা সংস্কারের ক্ষেত্রে মুখ্য বিষয় হচ্ছে রাজনৈতিক প্রতিশ্রুতি। নীতিমালা সংস্কারের ক্ষেত্রে জনগণকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক নেতাদের দায়িত্ব নেয়া উচিত।
