বাংলাদেশে গ্লোবাল মাইক্রো এন্ট্রেপ্রিনিয়রশিপ এওয়ার্ড চালু
বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বীকৃতি দান ও সচেতনতা বুদ্ধির জন্য সিটি গ্রুপ ফাউন্ডেশন এবং জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড যৌথ ভাবে চালু করেছে গ্লোবাল মাইক্রো এন্ট্রেপ্রিনিয়রশিপ এওয়ার্ড (জিএমএ)।
জিএমএ এওয়ার্ড ২০০৫ সালে দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান, অভিনব ব্যবসায়ি প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ ক্ষুদ্র মহিলা উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে।
এই এওয়ার্ড অনুসারে দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান পাবে দুই হাজার মার্কিন ডলার এবং অন্য তিন ক্ষেত্রে এওয়ার্ডস্বরূপ পাবে ১৫০০ মার্কিন ডলার।
জিএমএ’র এডভাইজরি কাউন্সিলের চেয়ারপারসন ড. ফখরুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এই পুরস্কার আনুষ্ঠানিক ভাবে চালু করেন। বর্তমানে মোট ৩২ টি দেশে জিএমএ এওয়ার্ড দেয়া হচ্ছে।
ড. ফখরুদ্দিন আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হল মাইক্রো ক্রেডিট কর্মসুচির ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা, অঙ্গীকার বদ্ধমূল করা এবং এ খাতে শ্রেষ্ঠ অবদানকারীকে স্বীকৃতি দেয়া। এ বছরের সেপ্টেম্বরের শেষের দিকে জিএমএ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
আগে জিএমএ উদ্যোক্তারা পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক এবং সদ্য বিদায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট একটি এডভাইজরি কাউন্সিল গঠন করে।
কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন ড. মুহাম্মদ ইউনুছ, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আব্দুল মুঈদ চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আমার দেশের উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ, প্রফেসর আবু আহমেদ এবং প্রমুখ।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, আব্দুল মুঈদ চৌধুরী এবং মতিউর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সিটি গ্রুপ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে সিটি ব্যাংক এনএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন রশিদও উপস্থিত ছিলেন।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিএফএসএফ) জিএমএ’র সচিবালয় হিসেবে কাজ করবে। এডভাইজরি কাউন্সিল পত্রিকায় বিজ্ঞাপণ দেবে যাতে আগ্রহী প্রার্থীরা নিয়ম নীতি জেনে অংশগ্রহণ করতে পারবে।
