২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে একটা শিল্প বিপ্লব গড়ে তোলা সম্ভব ছিলো: ড. সালেহউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, সিলেটের বিভিন্ন স্থানে বাসভবন ও হোটেল-মার্কেটের চাকচিক্য দেখে মনে হয়, এখানে প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে একটা শিল্প বিপ্লব গড়ে তোলা সম্ভব ছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এ প্রসঙ্গে তিনি বগুড়ায় গত ২০ বছরে বিপুল সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা পরবর্তীকালে সিলেটে চা শিল্প ছাড়া অন্য কোন শিল্প গড়ে উঠেনি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস পরিদর্শনকালে এর সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর।

ড. সালেহউদ্দিন আহমদ বলেন, মানি লন্ডারিং আমাদের দেশের একটি প্রধান সমস্যা। একে সঠিকভাবে মোকাবেলা করে এ অঞ্চলের প্রবাসীদের অর্থ ভাল দামে ও দ্রুততম সময়ে স্বজনদের হাতে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের বার্ষিক রেমিটেন্স কয়েকগুন বাড়ানো সম্ভব।

ড. সালেহউদ্দিন অনুষ্ঠানে আরও বলেন, আমাদের অনেক লোক বিদেশে কনসালটেন্ট হিসেবে সুনামের সঙ্গে কাজ করছে। ঠিক তেমনিভাবে আমাদের ব্যাংকাররা তাদের দক্ষতার প্রমান দিয়ে বিশ্বব্যাপী ব্যাংকসহ বিভিন্ন অর্থ লগ্নিকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুয্গো পেতে পারেন।

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জিয়াউল হাসান সিদ্দিকী, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক সিলেট অফিসের নির্বাহী প্রধান নিয়াজ ইকবাল, ব্যাংক অফিসার ক্লাব অব সিলেট’র সভাপতি শহুদ আহমদ চৌধুরী।

এর আগে ড. সালেহউদ্দিন আহমদ বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। বিকেলে তিনি নগরীর শাহজালাল উপশহর এলাকায় বাংলাদেশ ব্যাংকের কর্মচারি নিবাস এবং বাংলাদেশ ব্যাংক স্কুল পরিদর্শন করেন।