ডিএসই বিরোধীতার মধ্যদিয়ে দু স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন ও একত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত
দেশের দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন ও একত্রীকরণের বিরোধীতা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এ ব্যাপারে ডিএসই কোন আলোচনা করতে অস্বীকার করে। বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যৌথ উদ্যোগে ‘ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন ও একত্রীকরণ’ শীর্ষক কর্মশালা আয়োজন করে।
অনুষ্ঠানে মূল নিবন্ধ পাঠ করেন ইন্টারন্যাশনাল সিকিউটিজ কনসালটেন্সি’র প্রধান নিবার্হী এবং এডিবি’র পরামর্শক অ্যান্ডি উইলসন। সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এসইসি’র চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম, এডিবি’র পরামর্শক ম্যাক মিলান, ডিএসই’র প্রধান নিবার্হী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান, সিএসই’র প্রধান নিবার্হী কর্মকর্তা ওলিউল্লাহ মারুফ মতিন ও শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিমিউচুয়ালাইজেশন ও একএীকরণের বিভিন্ন সুবিধা উল্লেখ করে অ্যান্ডি উইলসন বলেন, এর মাধ্যমে এক্সচেঞ্জের মালিকানা সম্প্রসারিত হয় এবং ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে বাজারে শৃংখলা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়।
এক প্রশ্নে উইলসন বলেন, গত দুবছর ধরে ভারতের সকল এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন করার আলোচনা চলছে। পাশাপাশি গত বছরের আগষ্টে পাকিস্তানের তিনটি এক্সচেঞ্জের ব্যাপারেও একই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
মির্জা আজিজুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমরা কোন চাপ প্রয়োগ করতে চাই না। বরং আলোচনার মাধ্যমে নতুন পদ্ধতি বাস্তবায়নে সচেষ্ট হওয়ার ব্যাপারে সমঝোতা হতে পারে।
সালাহউদ্দিন আহমেদ খান বলেন, এডিবি’র সুপারিশে ইতোমধ্যে সিএমডিপি’র আওতায় প্রয়োজনীয় সকল সংস্কার করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন কোন বিষয় প্রচলনের সময়ে বিভিন্ন ধরণের বিরোধীতা দেখা যায়। বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতায় পৌছা সম্ভব। তিনি বলেন, সেন্টাল ডিপোজিটর বাংলাদেশ লি. (সিডিবিএল) গঠনেও এধরণের বিরোধিতা হয়েছে।
ওলিউল্লাহ মারুফ মতিন বলেন, এ ব্যাপারে এখনও আমরা কোন মন্তব্য করব না। তবে এ ব্যাপারে সিএসই’র সিদ্ধান্তের জন্য ইতোমধ্যে অর্থনীতিবিদ আবু আহমেদের নেতৃত্ব ৬ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে সিএসই সিদ্ধান্ত নেবে।
ম্যাক মিলান বলেন, ডিমিউচুয়ালাইজেশনের জন্য এডিবি তিনজন স্থানীয় পরামর্শকসহ ৬ সদস্যের কমিটি গঠন করেছে।
প্রবন্ধে বলা হয়, কোন এক্সচেঞ্জের সহায়তা ছাড়াই এসইসির সহায়তায় ডিমিউচুয়ালাইজেশন করা সম্ভব। একত্রীকরণের চেয়ে ডিমিউচুয়ালাইজেশন এক্সচেঞ্জের জন্য অধিক সুবিধাজনক।
ডিমিউচুয়ালাইজেশনে এক্সচেঞ্জের মেম্বাররা শেয়ার হেল্ডার হতে পারবে না। বরং একমাত্র নন-মেম্বাররাই এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার হতে পারবে। এর মাধ্যমে এক্সচেঞ্জে কর্পোরেট গর্ভনেস প্রতিষ্ঠিত হবে।
এদিকে ডিএসই’র এক কর্মকতা জানান, এডিবি’র পরামর্শে একবার সিএসই গঠিত হয়েছে। সিএসই ব্যর্থ হওয়ায় এখন আবার তাদেরই প্রস্তাব উভয় এক্সচেঞ্জ কমিশন একত্র করা। ৩০ জন সদস্য উভয় এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালনা করেন। এ সদস্যরা ছাড়া সিএসই’র ট্রেডিং চলে না। তিনি বলেন, সার্ভিলেন্স ও রেগুলেশন বাড়ানোর জন্য ডিমিউচুয়ালাইজেশনের প্রয়োজন নেই।
