২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শুরু হচ্ছে বাংলালিংক মোবাইল মেলা

রাজধানীর বসুন্ধরা সিটিতে পূর্ব নির্ধারিত তারিখের একদিন পরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলালিংক মোবাইল মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বেসরকারি মোবাইল কোম্পানি বাংলালিংক এর আগে মেলায় আগের দামে সিম দেওয়ার ঘোষণা দিলেও তা বজায় রাখছে না। এখন থেকে মেলা ও দেশের সর্বত্র পূর্ববর্তী দামের সাথে সরকার আরোপিত নতুন ১২শ’ টাকা শুল্ক যোগ করে সিম বিক্রি করবে কোম্পানিটি।

বৃহস্পতিবার মেলা স্থগিত করার কারণে মেলায় আগত দর্শক ক্রেতারা হতাশ হয়ে ফিরে যান।

বাংলালিংকের পরিচালক বিপণন ওমর রশিদ বিডিনিউজকে বলেন, অনিবার্য কারণে আমরা মেলা স্থগিত করতে বাধ্য হয়েছিলাম।

ক্রেতাদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম মেলায় আগের দামে সিম বিক্রি করতে পারব। তবে এখন তা সম্ভব হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার বাংলালিংক কর্তৃপক্ষ রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিল, মেলায় বিভিন্ন প্যাকেজের মাধ্যমে তারা ৫০ হাজার সিম বিক্রি করতে পারবে।

শুক্রবার বেলা ১১টায় বসুন্ধরা সিটিতে বাংলালিংকের এ মেলা উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক।

পরিচালক ওমর রশিদ আরও জানান, মেলায় কমমূল্যে বিভিন্ন ধরণের মোবাইল সেটসহ বাংলালিংকের সিম বিক্রি করা হবে। এছাড়াও থাকবে বিভিন্ন ধরণের গেইম, মিউজিক শো।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা জনসাধরণের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে দশ টাকা।

চার মাসের মধ্যে বাংলালিংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার লাখে। এসময় নয়টি জেলা থেকে বাড়িয়ে ৩২ জেলায় এর নেটওয়ার্ক সম্প্রসারিত করা হয়েছে।