চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক ঋণের হার ২০ ভাগ বৃদ্ধি
চলতি বছরের জানুয়ারি থেমে মার্চ মাস পর্যন্ত সময়ে দেশের বেসরকারি খাতে ব্যাংকের অগ্রিম অর্থায়ন আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে।
তবে ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ঋণের চাহিদা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতিমালার কারণে এই প্রবৃদ্ধি বেশি দিন বজায় থাকবে না।
ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (বিএবি) সভাপতি এম আমিনুজ্জামান বিডিনিউজকে বলেন, আগামী তিন মাসে এই প্রবৃদ্ধি আবার ধীরে ধীরে কমতে শুরু করবে।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বেশিরভাগ বেসরকারি ব্যাংক নিম্ন মাত্রার সঞ্চয় প্রবৃদ্ধির বিপরীতে ঋণ দিয়ে তাদের তহবিল শেষ করে ফেলেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত টাকা দিচ্ছে না। এর ফলে বেসরকারি ব্যাংকগুলোর মূল সঞ্চয়ই নাই। এছাড়া নগদ অর্থ সংরক্ষণের মাত্রা চার থেকে চার দশমিক পাঁচ-এ উন্নীত করার ফলেও ব্যাংকিং সেক্টরে তারল্য অর্থের পরিমাণ নীচে নেমে আসে।
এম আমিনুজ্জামান বলেন, প্রকৃত সুদের হার ও কলমানি রেট উভয়ই তখন বর্তমান রেটের তুলনায় কম ছিল।
বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিকে বলা হয়, চলতি অর্থবছরের তৃতীয় তিন মাসে অগ্রিম অর্থায়নের ক্ষেত্রে সার্বিক প্রবৃদ্ধি ছিল শতকরা চার দশমিক নয় ভাগ। এতে আরও বলা হয়, দ্বিতীয় তিন মাসে প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক নয় ভাগ এবং প্রথম তিন মাসে ছিল তিন দশমিক চার ভাগ।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংকগুলো ২০০৪ সালের জুন মাসে যেখানে ঋণ দেয় ৯০৯ দশমিক সাত বিলিয়ন টাকা সেখানে ২০০৫ সালের জুনে দেয় ১০৩৪ দশমিক দুই বিলিয়ন টাকা। অর্থাৎ তারা নয় মাসে শতকরা ১৩ দশমিক ৬৮ হারে ঋণ প্রদান বৃদ্ধি করেছে।
