২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই পথে আসা বিদেশী বলপেনের কারণে দেশীয় শিল্প হুমকির মুখে

চোরাই পথে আসা ভারতীয় ও চীনা বলপেন স্থানীয় বাজার ছেঁয়ে যাওয়ায় দেশের বলপেন শিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

গত পাঁচ বছরে স্থানীয় কয়েকটি কোম্পানির পণ্য বিক্রি ৬০ শতাংশ কমে গেছে। এছাড়া বেশ কয়েকটি কোম্পানি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় কোম্পানিগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালে দাম বৃদ্ধি পাওয়ায় এবং চোরাই পথে অবাধে বিদেশী বলপেন আসতে থাকায় তাদের পক্ষে কারখানা চালু রাখ কঠিন হয়ে উঠেছে।

কোম্পানি সূত্র জানায়, বিদেশ থেকে চোরাই পথে আসা বিদেশী বলপেন বিশেষ করে স্বল্প মূল্যের ভারতীয় বলপেনের কারণে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ইকনো বলপেন এবং রোজ হ্যাভেন কোম্পানির রাইটার বলপেন তাদের বাজার হারাচ্ছে।

ছাত্র-ছাত্রী ও শিক্ষিত জনগণের হার বৃদ্ধি পাওয়ায় দেশে বলপেনের বাজার দ্রুত প্রসারিত হওয়া সত্ত্বেও স্থানীয় কোম্পানির উৎপাদিত বলপেনের চাহিদা পড়ে যাচ্ছে।

রোজ হ্যাভেন কোম্পানি জানায়, তাদের বিক্রি ৬০ শতাংশ কমে গেছে।

২০০০ সালে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের মোট আয় ছিল ৩০ কোটি টাকা। ২০০১ সালে তা কমে দাঁড়ায় ২৭ দশমিক ২৭ কোটি টাকায়।

জিকিউ কোনোমতে তাদের উৎপাদন অব্যাহত রাখলেও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে রোজ হ্যাভেনের উৎপাদন।

২০০০ সালে রোজ হ্যাভেন কোম্পানি ১৫ কোটি টাকার রাইটার বলপেন বিক্রি করেছে। ২০০১ সালে বিক্রি হয়েছে ১৬ কোটি টাকার বলপেন। ২০০২ সালে কোম্পানিটির বাজার একেবারে পড়ে যায় এবং হঠাৎ করে আয় অনেক কমে যায়।

রোজ হ্যাভেন ২০০২ সালে ১২ দশমিক ৬২ কোটি টাকার বলপেন বিক্রি করে। ২০০৩ সালে তাদের আয়ের পরিমান ছিল ৮ দশমিক ৫৬ কোটি টাকা এবং ২০০৪ সালে আয় হয় ৫ দশমিক ২৪ কোটি কোটি।

অন্যদিকে জিকিউ ২০০২ সালে ২৭ কোটি টাকার, ২০০৩ সালে ২৫ কোটি টাকার ও ২০০৪ সালে ২২ কোটি টাকার বলপেন বিক্রি করেছে।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সালেমুল হক বলেন, চোরাই বিদেশী কলমে স্থানীয় বাজার সয়লাব হয়ে যাওয়ায় দেশীয় কোম্পানিগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে।

তিনি জানান, গত দুই বছরে তাদের কোম্পানি নতুন চারটি মডেলের বলপেন উৎপাদন করেছে।

নিউমার্কেট ও কারওয়ান বাজারের পাইকারী ও খুচরা বিক্রেতারা বিডিনিউজকে জানান, ক্রেতাদের কাছে সেলো, মনটেক্স ও রেডলিফের মতো বিদেশী বলপেন দিনদিন জনপ্রিয় হচ্ছে।

বলপেনের পাইকারী বিক্রেতা কারওয়ান বাজারের শাহ ট্রেডিং এর মালিক আকবর হোসেন বলেন, আজকাল বিদেশী কলমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমি আগে দিনে যেখানে কয়েক ডজন দেশী কলম বিক্রি করতাম, এখন সেখানে একটি বা দুটি কলম বিক্রি করতে পারছি।