বাংলালিংক মোবাইল মেলায় গ্রাহকদের প্রধান আকর্ষণ হ্রাসকৃত মুল্যের ফোন সেট
রাজধানীর বসুন্ধরা মার্কেটে বাংলালিংক মোবাইল মেলার দ্বিতীয় দিনে শনিবার প্রায় ২৫হাজার মোবাইল অনুরাগী বিশেষ করে তরুণ তরুনী, যুবারা ভীড় জমিয়েছে।
মেলা কর্তৃপক্ষ জানান, মেলার উদ্বোধণী দিনে প্রায় ২০ হাজার দর্শক ভীড় জমায় এবং ১০০০ মোবাইল ফোন সেট বিক্রি হয়। তারা আশা করছেন আগের দিনের তুলনায় ২য় দিনে সিম এবং ফোন সেট বেশি বিক্রি হবে।
পাঁচ দিনব্যাপী বাংলালিংক বসুন্ধরা মোবাইল মেলা ২০০৫-এ অতিরিক্ত ১২০০ টাকা চার্জে সংযোগ দেওয়া হচ্ছে। তবে ফোন সেটের দাম আগের চেয়ে ৮০০ থেকে ১০০০ টাকা কমে ছাড়া হয়েছে।
নোকিয়া সেলুলার মোবাইলের বিক্রয় ব্যবস্থাপক এসকে জাহিদুর রহমান বিডিনিউজকে বলেন, গ্রে মার্কেটের ফোন সেটের সাথে আমদানিকৃত মোবাইল ফোন সেটের দামের তুলনা করলে চলে না।
অবৈধভাবে আনা সেট এখন খুচরা বাজার দখল করে রেখেছে। যদিও আমদানি ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে কম শুল্ক ধার্য করা হয়েছে কিন্তু এখনও সেই শুল্কে পণ্য আমদানি করা হয়নি।
কর্মকর্তারা জানান, আমদানিকৃত ফোনসেট ক্রয় করলে ক্রেতারা সুবিধা পাবেন এবং লাভবান হবেন। এতে তারা ওয়ারেন্টি সেবা পাবেন। স্টল মালিকরা পরবর্তী আমদানি পণ্য না তুললেও তারা ফোন সেটের ওপর বিশেষ ছাড় দিয়েছেন।
ফ্লোরা টেলিকমের মহাব্যবস্থাপক (অপারেশন) আমির হোসেন বলেন, বেশিরভাগ ক্রেতারা কম মুল্যে গুণগত মানের ফোন সেট চায়। ফ্রান্সের সাজেম এক্স-১ সেটটির মুল্য ৩৫০০ টাকা । তবে মেলার পূর্বে এই সেটটির মুল্য ছিল ৪৯০০ টাকা।
বাংলালিংকের সিম ছাড়াও তাদের মূল আকর্ষণ ছিল নতুন নতুন হ্যান্ডসেটের প্রতি। মেলায় আগত অনেকেই গান ও খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।
২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ১০ টাকা।
