২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া আগামী নির্বাচন নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে না: ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কার ছাড়া আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

শনিবার রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

সম্মেলনে সরকার পতন আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ২৪ জুন থেকে দাবি সপ্তাহ পালন, জুলাই-আগস্টে শ্রেণী ও সাংগঠনিক আন্দোলন, আগস্ট-সেপ্টেম্বরে দলীয় সদস্যদের সাধারণ সভা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশ।

পার্টির সভাপতি রাশেদ খান মেনন ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তে সরকার আন্তর্জাতিক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন।

রাজনৈতিক সমাবেশ, সিনেমা হল ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও সরকার ধর্মীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি সরকারের সমালোচনা করেন।

এছাড়া প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিধানের সমালোচনা করে মেনন বলেন, এর মাধ্যমে সরকার আগামী নির্বাচনে ভোট কেনার ব্যবস্থা পাকাপোক্ত করেছে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনো, নুরুল হাসান, আনিসুর রহমান মল্লিক ও মাহমুদুল হাসান মানিক প্রমুখ।