দুর্নীতির অভিযোগে বিটিটিবি’র ক্রয় পস্তাব ফিরিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শনিবার টেলিযোগাযোগ খাতের একটি প্রকল্পে চীনা কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।
টেলিযোগাযোগ খাতের বৃহৎ একটি প্রকল্পে চীনের দেয়া ঋণের উদ্বৃত্তাংশ দিয়ে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন ও সম্প্রসারণের জন্য ৯ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প শুরুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল।
সূত্র জানায়, বৃহৎ একটি প্রকল্পের সম্প্রসারিত প্রকল্পের জন্য বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) কোম্পনিটির সাথে চুক্তির পরিকল্পনা করে। নতুন করে টেন্ডার না দিয়েই কোম্পনিটিকে মূল প্রকল্পের কার্যাদেশ দেয়া হয়।
সূত্র জানায়, প্রকল্প প্রস্তুত ও চুক্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দুর্নীতি দমন ব্যুরো একটি মামলা দায়ের করেছে।
জেলা পর্যায়ে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন ও সম্প্রসারণের জন্য ১৯৯৯ সালের জুন মাসে চীনের সাথে ২২৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
কিন্তু একই বছর বিটিটিবি চীনা কোম্পানি সিএমইসি’র সাথে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ২১৩ দশমিক ৫৭ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে। যাতে মোট ঋণ থেকে ৯ দশমিক ৪৩ মিলিয়ন ডলার উদ্বৃত্ত ধরা হয়। এই অর্থ দিয়ে বিটিটিবি নতুন প্রকল্প শুরু জন্য ব্যবহার করতে চায়।
অর্থমন্ত্রী সাইফুর রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় বিদ্যুৎ বিল সংগ্রহ বেসরকারিকরণসহ অন্য পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়।
