২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব না হলেও বাজেটে উচ্চাকঙ্খা থাকতে হবে: সাইফুর রহমান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, বাংলাদেশের মতো একটি দেশের জন্য উচ্চাকাঙ্খার বাজেট তৈরি করতে হবে, যদিও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

তবে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এএমএ মুহিত বলেন, আনুষঙ্গিক বিষয়ের উন্নয়ন ছাড়া উচ্চাশার বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।

রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি ও বাজেট প্রতিক্রিয়া ২০০৫’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তারা একথা বলেন।

সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন এর নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য।

বাজেট উত্তর এ আলোচনা সভায় দেশের শীর্ষ অর্থনীতিবিদ, আইনপ্রণেতা, রাজনীতিক, বহুজাতিক সংস্থার শীর্ষ নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, ১৪০ মিলিয়ন লোকের দেশ বাংলাদেশের বাজেট উচ্চাকাঙ্খারই হতে হবে। বিশ্বের কোনও দেশের বাজেটই একশ ভাগ বাস্তায়নযোগ্য নয়।

আলোচনায় অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, আমি স্বীকার করছি যে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া বাজেট ও দাবিদ্র দূরীকরণ কৌশলপত্র বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা দরকার।

অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রশাসনকে আরও গতিশীল ও কর্মঠ হতে হবে। তিনি বলেন, এটা বিএনপি বা আওয়ামী লীগের কোন বিষয় নয়, এটা আমাদের সকলের সমস্যা।

এমনকি চারটি মন্ত্রণালয়কে তাদের বাজেট প্রণয়নের যে ক্ষমতা দেয়া হয়েছে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলোর সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে, বলেন অর্থমন্ত্রী।

চারটি মন্ত্রণালয়কে নিজস্ব বাজেট প্রণয়নের ক্ষমতা দেয়া প্রসঙ্গে এএমএ মুহিত বলেন, আপনি ইতোমধ্যেই অনেক স্কুল নির্মাণ করেছেন, কিন্তু সেসব স্কুলে শিক্ষক নিয়োগ দেননি।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে দলীয় কর্মীদের সহায়তা দিতে থোক বরাদ্দ দেয়া হয়েছে। সকল প্রভাবসৃষ্টিকারী মহলকে সšুÍষ্ট করতে এই বাজেট করা হয়েছে।

এছাড়া মোবাইল ফোনের সিমের ওপর অত্যোধিক কর আরোপ করায় তিনি অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে কালো টাকা সাদা করার প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানান।

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী এম সাঈদুজ্জামান, মুশফিকুর রহমান এমপি, বিরোধী দলীয় চীফ হুইপ আব্দুস শহিদ, জিএম কাদের এমপি, আশরাফ আলী এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, আব্দুল খালেক এমপি, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ওয়ালিক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল ইসলাম এবং অর্থনীতিবিদ আবু আহমেদ।