২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগির বাজারে শেয়ার ছাড়ছে এসপিএল

সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) শিগগিরই বাজারে প্রাইমারি শেয়ার (আইপিও) ছাড়ছে। প্রতি ১০০ টাকার শেয়ারে প্রিমিয়াম থাকছে ৪০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্র জানায়, এসপিএলের পরিশোধিত মূলধন ৪৫ কোটি টাকা। কোম্পানিটি ২০ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়বে।

এ মাসের শেষ দিকে এসপিএল’র শেয়ার বাজারে আসছে বলে আশা করা হচ্ছে।

২০০৪ সালে এসপিএলের নিট মুনাফা ছিল ১৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, যা ২০০৩ সালের চেয়ে ১৯ দশমিক ২৫ শতাংশ বেশি। গত বছর শেয়ার প্রতি কোম্পানির আয় ছিল ৩৯ দশমিক ৩২ টাকা।

বর্তমানে এসপিএল করের আওতামুক্ত থাকার সুবিধা পাচ্ছে। সরকারের বিদ্যুৎ সঞ্চালন নীতির কারণে এ সুবিধা ১৫ বছর বহাল থাকবে। ২০০১ সালে কার্যক্রম শুরুর পর থেকে এসপিএল এ সুবিধা পেয়ে আসছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেডের (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদি রেটিংয়ে এসপিএল ‘এএ’ ক্যাটেগরিতে রয়েছে। এই ক্যাটেগরি উচ্চমান ও নিরাপত্তা এবং ঋণের গুণগত মানের নিশ্চয়তা প্রদান করে থাকে।