বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেইসি বৈঠক নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে
বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) অষ্টম বৈঠক এবছর নভেম্বরে সার্ক শীর্ষ সম্মেলনের আগে আনুষ্ঠিত হতে পারে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ(ইআরডি) সুত্র জানিয়েছে।
এই বৈঠক জুনের ৪-৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তান সংসদের বাজেট অধিবেশনের কারণে তা পিছিয়ে যায়।
ইআরডি কর্মকর্তা বিডিনিউজকে জানান, স্থগিতকৃত এ জেইসি বৈঠকটি আগষ্ট মাসে অনুষ্ঠানের জন্য পাকিস্তান প্রস্তাব দেয় কিন্তু একটু সময় নিয়ে সার্ক সম্মেলনের আগেই তা অনুষ্ঠানে আগ্রহী তারা ।
কর্মকর্তা আরো জানান, বাংলাদেশ শিগগিরই জেইসি বৈঠকের তারিখ ধার্য করে একটি প্রস্তাবনা পাকিস্তানের কাছে পাঠাবে।
ইআরডি সুত্র জানায়, পাকিস্তানের প্রতিনিধিরা সম্ভবত সার্ক সম্মেলনের দু’দিন আগে ঢাকায় আসবে এবং সেসময় জেইসি বৈঠকে অংশগ্রহণ করবে।
অন্যদিকে বাংলাদেশ ইন্দোনেশিয়ার সাথে প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠকের প্রস্তুতি নিচ্ছে যা শিগগিরই অনুষ্ঠিত হবে।
ইআরডি’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, উভয় পক্ষই এই বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছে এবং বৈঠক সফল করতে মাঠ পর্যায়ের কিছু কাজ করতে হবে।
