একনেক সভায় ২৭৯১ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) মঙ্গলবার ৪০২ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট প্রায় ২৭৯১ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে প্রাক-একনেক বৈঠকে আপত্তি উত্থাপিত জজঅএঝ প্রকল্পটিও রয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং একনেক এর বিকল্প চেয়ারম্যান এম সাইফুর রহমান-এর সভাপতিত্বে শের-ই-বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পসমূহের মোট খরচের ২৩৮৯ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে এবং কানাডা ও চীন দেবে ৪০২ কোটি টাকা।
প্রকল্পগুলো হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে জেলা সড়ক উন্নয়ন-১ম পর্যায় ও জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-নয়াপুর-মদনপুর সড়কে শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণ (সংশোধিত), বিদ্যুৎ বিভাগের অধীনে রিহ্যাবিলিটেশন, রেনোভেশন এন্ড অগমেন্টেশন অব গ্রীড সিস্টেম (জজঅএঝ) ফেইজ-২ (সংশোধিত) ও জয়দেবপুর-কবিরপুর-টাঙ্গাইল ১৩২ কেভি সঞ্চালন লাইন (২য় সংশোধিত), সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১০০ শয্যাবিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার (১ম পর্যায়-৫০ শয্যা) সংশোধিত, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ডাল ও তৈল বীজ প্রকল্প, সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন এবং কৃষি প্রকৌশল প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প।
অর্থমন্ত্রী জানান, কৃষিখাতের উন্নয়নের লক্ষ্যে একনেক ১৩২ দশমিক ৬৮ কোটি টাকার ৩টি প্রকল্প অনুমোদন করেছে। তিনি বলেন, এই প্রকল্প সমূহের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ উৎপাদন ও বিতরণ ক্ষমতা জোরদার করা হবে।
অর্থমন্ত্রী বলেন, আমরা আমদানীকৃত বীজের ওপর অধিক নির্ভরশীল, আশা করি এ প্রকল্পের মাধ্যমে নির্ভরতা কমে আসবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষি মন্ত্রী এম কে আনোয়ার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল মুহঃ আনোয়ারুল কবীর তালুকদার (অব.) এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভায় অংশ নেন।
মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
