জাতীয় বাজেটে ব্যক্তি নারীর উন্নয়ন খাতে বরাদ্দ করতে হবে: সেমিনারে বক্তারা
জাতীয় বাজেটে ব্যক্তি নারীর উন্নয়ন খাতে বরাদ্দসহ আট দফা প্রস্তাব পেশ করা হয়েছে। মঙ্গলবার ‘নারীর ক্ষমতায়নের ওপর বাংলাদেশের জাতীয় শিক্ষা বাজেটের প্রভাব’ শীর্ষক সেমিনারে এটি পেশ করা হয়।
দৈনিক সংবাদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ঢাকার সিরডাপ মিলনায়তনে যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে প্রস্তাবিত আট দফার মধ্যে আরও আছে- শিক্ষা সমাপনিতে বিরাজমান প্রতিবন্ধকতা দূরীকরণ, নারীদের জন্যে পৃথক শিক্ষা প্রতিষ্ঠান বরাদ্দকরণ- এ সকল বিষয়।
বিএনপিএস’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মুখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন দৈনিক সংবাদের সহকারি সম্পাদক মুনীরুজ্জামান।
এতে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড.কাজী খলিকুজ্জামান আহম্মেদ, সাবেক মুখ্য সচিব ড. এসএ সামাদ, সাবেক সচিব ড. মশিউর রহমান, অধ্যাপক অজয় রায়, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, কমিউনিস্ট পার্টির মোরশেদ আলী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা খানম, নারী নেত্রী ড. মাহমুদা ইসলাম প্রমুখ।
সেমিনারে আলোচকরা মাদ্রাসা শিক্ষার মান নিয়ে সমালোচনা করে বলেন, সামাজিক নিরাপত্তার কারণে দেশের নারীরা মাদ্রাসা শিক্ষার দিকে ঝুঁকছে। সাধারণ শিক্ষার চেয়ে মাদ্রাসা শিক্ষায় তুলনামূলক বেশি ব্যয় করা হচ্ছে। অথচ মাদ্রাসা শিক্ষায় কোনও উৎপাদনশীলতা নেই। এটি একটি অপচয় মাত্র।
তারা বলেন, মাদ্রাসা শিক্ষার কোনও প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা দরকার। একই সাথে নারী শিক্ষার উন্নয়নে নারীদের জন্যে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং শিক্ষা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়।
নূরুল ইসলাম নাহিদ নারী আন্দোলনের কারণে সামাজিক অবস্থারও পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, শিক্ষা খাতে যে বরাদ্দ হচ্ছে, তার যথাযথ ব্যবহার হচ্ছে কিনা, সেটি খতিয়ে দেখা দরকার। বর্তমানে বাজেটে যা বরাদ্দ হয়, তার বেশিরভাগই দুর্নীতি, চুরি ও অপব্যবহার হচ্ছে। দলীয় নেতাকর্মীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
কাজী খলিকুজ্জামান বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ যাই হোক, এর বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ফলে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ফলে বাজেটের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না। এ অবস্থা দূর করতে বাজেট বাস্তবায়নে মনিটরিং করা দরকার। এ জন্য রাজনৈতিক সম্পৃক্ততা প্রয়োজন।
সাবেক মূখ্য সচিব ড. এসএ সামাদ বলেন, যে কোনও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এতে আমলারা কোনও বিষয় নয়। সরকার তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিলে তা সম্ভব।
