২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে ১৫ শতাংশ নগদ সহায়তা প্রদানসহ নানা প্রস্তাব বিটিএমএ’র

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আসন্ন বাজেটে তাদের জন্য ১৫ শতাংশ নগদ সহায়তা, কর রেয়াত অব্যাহত রাখা অথবা সর্বোচ্চ পাঁচ শতাংশ করারোপ, ব্যাংক ঋণ সংকোচন নীতি প্রত্যাহার এবং প্রশ্নমুক্ত বিনিয়োগ ব্যবস্থা আরও পাঁচ বছরের জন্য অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সোমবার বিটিএমএ’র কারওয়ান বাজারের কার্যালয়ে আয়োজিত এক প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ প্রস্তাব রাখা হয়। সংগঠনের পক্ষে এর সভাপতি এমএ আউয়াল এতে মূল বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলামিন, দিদার এ হুসাইন, এম জামালউদ্দিন, সদস্য আব্দুল মান্নান মিয়া, তাজুল ইসলাম ঢালী, ইব্রাহিম রহমতউল্লাহ প্রমুখ।

বিটিএমএ সভাপতি এমএ আউয়াল টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, ১৯৯২ সালে সরকার টেক্সটাইল খাতকে ‘থ্রাষ্ট সেক্টর’ ঘোষণা করে শিল্পায়নের ক্ষেত্রে ২৫ শতাংশ সহায়তা দেয়। ১৯৯৫ সালের বস্ত্রনীতিতে এটা বহাল রাখা হয়।

তিনি বলেন, পরবর্তীতে সরকার পর্যায়ক্রমে এ সুবিধা ২০ শতাংশ, ১৫ শতাংশ এবং সর্বশেষ ৫ শতাংশে নামিয়ে আনে। আগামী জুনে এ সহায়তার মেয়াদ শেষ হবে। অথচ টেক্সটাইল খাতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত ২০ থেকে ৩০ শতাংশ সহায়তাসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে।

তিনি প্রতিযোগিতায় টিকে থাকতে এ খাতে অনির্দিষ্টকালের জন্য সহায়তা সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান।

কর রেয়াত প্রত্যাহার করার প্রস্তাবনার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এ সুবিধা প্রত্যাহার করে নিলে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটি শিল্পে বিনিয়োগকারী এবং নতুন উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে।

তিনি অভিযোগ করেন, শিল্পখাতে সরকারের ব্যাংক ঋণ সংকোচনের নীতিকে পরোক্ষভাবে বিনিয়োগ নিরুৎসাহিত করছে। সরকারের এ নীতির কারণে ব্যবসায়ীরা শিল্প রক্ষা এবং নতুন শিল্প প্রতিষ্ঠায় চরমভাবে হয়রানির শিকার হচ্ছে। এতে নতুন বিনিয়োগ হ্রাস পাচ্ছে। এরই মধ্যে প্রায় ৩০ শতাংশ উৎপাদন হ্রাস পেয়েছে। এ নীতি প্রত্যাহার করা না হলে অন্তত: ৬০ থেকে ৭০টি টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে যাবে।

তিনি বিনিয়োগকারীদের অর্থের উৎস সম্পর্কে কোনো রকম প্রশ্ন ছাড়াই আরও অন্তত: পাঁচ বছর বিনিয়োগের সুযোগ রাখার জন্যও প্রস্তাব করেন। এ সুবিধা আগামী জুন থেকেই শেষ হয়ে যাবে।