২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেল ও অগভীর সেচ যন্ত্রখাতে ভর্তূকি দেওয়া হবে না: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, কৃষি খাতে সরকার পর্যাপ্ত ভর্তূকি দিচ্ছে। তবে কোন অবস্থাতেই ডিজেল ও অগভীর সেচ যন্ত্রখাতে কোনো ভর্তূকি দেওয়া হবে না। ডিজেল দিয়ে শুধু সেচই নয়, শ্যালো মেশিনচালিত যান, চাল-আটা ভাঙ্গার মেশিনসহ অনেক কিছু চলছে। ডিজেলে ভর্তূকি দেওয়া হলে এসব জিনিসকে উৎসাহিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 03:38 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

তিনি বলেন, এতে দেশের রাজস্ব আদায় ব্যহত হবে। সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে সহযোগিতার জন্য সরকার বিদ্যুৎখাত ও গভীর নলকুপ স্থাপনে বিশেষ সহায়তা দেবে।

রোববার ঢাকার জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি) মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০০৫-০৬ এবং দারিদ্র বিমোচন কৌশলপত্র’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস (বিআইডিএস) এ সেমিনারের আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আলোচনায় অংশ নেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, ড. কাজী শাহাবুদ্দিন, ড. জায়েদ বখত, ড. রুশিদান ইসলাম রহমান, ড. ওমর হায়দার চৌধুরী, ড. এম আসাদুজ্জামান প্রমুখ।

অর্থমন্ত্রী তেলের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকার তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের আর্থিক ক্ষতি অনেকটা কমে আসবে।

সাইফুর রহমান বলেন, দেশে অনুন্নয়ন ও অনুৎপাদশীল খাতে ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে সরকারকে আমদানি করে বিপুল পরিমান খাদ্যের সংস্থান করতে হচ্ছে। বিনা শুল্কে অনেক পণ্য আমদানী হচ্ছে। অথচ দেশের চাহিদার তুলনায় শিল্প-কারখানা হচ্ছে না।

তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ীদের কাছে ব্যাংকের ঋণ পাওয়াই মূখ্য বিষয়, সুদ নয়। তবে কিছু ব্যবসায়ী রয়েছে, যারা কোনো মতে ব্যাংকের ঋণ নিয়ে এলসি খোলার পর তাদের আর খুঁজে পাওয়া যায়না। তারাই ব্যাংক ঋণের সুদ নিয়ে কথা বলে। তাদের কারণেই প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সেমিনারে আলোচকরা আসন্ন বাজেটে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ডিজেল ও সেচসহ সংশ্লিষ্ট খাতে ভর্তূকি বৃদ্ধি, ক্ষুদ্র শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করতে সহজ শর্ত ও কম সুদে ব্যাংক ঋণ প্রাপ্তির সুবিধা, শিক্ষা ও দারিদ্র বিমোচন খাতকে আরও বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব করেন।

তারা দারিদ্র বিমোচনে আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করারও প্রস্তাব দেন।

সভাপতির বক্তব্যে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ আসন্ন বাজেটকে একটি উচ্চাভিলাষী বলে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে এ বাজেটে উন্নয়ন খাতে বিপুল অর্থের ব্যবস্থা রাখা হয়েছে।

বেসরকারী খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারকে দেখতে হবে রাজনৈতিক চাপে উচ্চাভিলাষী বাজেট দিয়ে অর্থের সংস্থানে যেন কোন সমস্যা না হয়। বাজেট বাস্তবায়ন করতে যেন সরকারকে অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে ঋণ নিতে না হয়। এতে দেশের মূদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির সম্ভাবনা রয়েছে। তাই সবকিছু মধ্যে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে।