উদ্বোধনের ছয়মাস পরও বেনারসি পল্লীতে প্লান্ট নির্মাণ শুরু হয়নি
ঈশ্বরদীতে দেশের দ্বিতীয় বৃহত্তম বেনারসি পল্লী উদ্বোধনের পর ছয় মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও তাতে প্লান্ট নির্মাণের কাজ শুরু হয়নি। ব্যবসায়িক মন্দা ও অর্থ সঙ্কটের কারণে ঈশ্বরদী বেনারসি পল্লীতে তাঁতীরা এসব নির্মাণ কাজ করতে না পারায় কাঙ্খিত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
জানা যায়, ২০০৪ সালের ১২ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুরে সাড়ে পাঁচ একর জমির ওপর বেনারসি পল্লীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ। প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা। অনুমোদিত নকসা অনুযায়ী একেক জন প্লট গ্রহীতার কারখানা ও ভবন নির্মাণে খরচ হবে প্রায় পাঁচ লাখ টাকা। ৯০টি প্লটের মধ্যে উদ্বোধনী দিনে ৫৯টি প্লটের বরাদ্ধপত্র দেয়া হয়েছে।
২০ বছর মেয়াদে ২৪০টি কিস্তিতে সুদমুক্ত ঋণ প্রদান, সীমানা প্রাচীরে কাঁটাতারের বেড়া, টিনশেড দিয়ে কারখানা তৈরি এবং সাঁথিয়ার পরিবর্তে ঈশ্বরদীতে তাঁতীদের বেসিক ট্রেনিং সেন্টার নির্মাণ এবং ক্যালেন্ডার মেশিন স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
ঢাকার মোহাম্মদপুরের ৩শ’র মত কারখানায় প্রতি সপ্তাহে ৫ শতাধিক উন্নতমানের বেনারসি শাড়ী তৈরি হলেও শাড়ী তৈরির বিভিন্ন উপকরণের মূল্য অত্যধিক বেড়ে যাওয়ায় সেখানকার বেনারসি শিল্প সমস্যায় আছে। অপরদিকে তাঁতীদের তৈরি এ শাড়ী বিক্রি করে মহাজনরা লাভবান হলেও তাঁতীরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে।
তাঁতীরা জানায়, তাদের সমস্যা দূর করা হলে এবং প্রয়োজনীয় আর্থিক সহযেগিতার ব্যবস্থা করা হলে ঈশ্বরদীতে এ শিল্প লাভজনক অবস্থায় পৌঁছতে পারবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
