সিটি সেল’র অধিকাংশ শেয়ার কিনে নিতে ঢাকায় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সিং টেল
আগামী সপ্তাহের শুরুতেই এশিয়ার শীর্ষস্থানীয় কমিউনিকেশন গ্রুপ সিংগাপুর টেলিকমিউনিকেশনস লিমিটেড বা সিং টেল সিটি সেল টেলিফোন সেবা প্রদানকারী সংস্থা প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (পিবিটিএল)’র অধিকাংশ শেয়ার ক্রয়ের প্রক্রিয়া শুরু করবে।
২৯ বা ৩০মে ঢাকায় চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। চুক্তি স্বাক্ষরের পর সিটি সেল’র এর নেটওয়ার্কের উন্নতকরণে অবকাঠামোগত পরিবর্তন আনার ক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবে। চুক্তি স্বাক্ষরের এই সিদ্ধান্তটি সম্প্রতি অনুষ্টিত অপারেটর ম্যানেজারদের সভায় জানানো হয়।
সিং টেল চীনা হুয়াই টেকনোলজি কোং লিমিটেড’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে পারে। এই চুক্তির ফলে সিং টেল দেশজুড়ে ৯০০টি টাওয়ার স্থাপন করতে পারবে। হুয়াই’র সাথে সিং টেল’র ৩ জুন চুক্তি স্বাক্ষরিত হবে।
প্রথম পর্যায়ে সিং টেল সিটি সেল’র ৪৫ শতাংশ শেয়ার কিনে নেবে এবং ধীরে ধীরে ৬০ শতাংশ পর্যন্ত ক্রয় করবে। শেয়ার কেনার পরও সিটি সেল ব্রান্ড নামটি অপরিবর্তিত থাকবে।
বিডিনিউজ’র সাথে আলাপকালে সিং টেল’র কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার ভ্লাদিমির গুয়েভারা বলেন, তারা পিবিটিএল’র সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদি তেমন অগ্রগতি হয় তাহলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
বর্তমানে সিটিসেল’র সেল্যুলার ও টেল্যুলার গ্রাহকরা একই নেটওয়ার্ক ব্যবহার করছে বলে নেটওয়ার্কের ওপর অধিক চাপ পড়ছে। সিটিসেল’র এক কর্মকর্তা জানান, নেটওয়ার্কের সমস্যা সমাধানে হুয়াই’র সাথে চুক্তি করা হবে।
এদিকে হুয়াই কোম্পানির সূত্র জানিয়েছে, ৯০০-টি টার্ন কী ও নন টার্ন কী ধরণের বেইস ট্রানসিভার স্টেশন স্থাপনের কাজ ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে। সূত্র আরও জানায়, কোম্পানি এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
বিশ্বের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ১৬টি দেশে সিং টেল নেটওয়ার্কের ৩৪টি কার্যালয় রয়েছে। ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডে সিং টেল ইতোমধ্যে অধিক পরিমানে বিনিয়োগ করেছে।
এশিয়া অঞ্চলে সিং টেল’র প্রায় সাড়ে ছয় কোটি গ্রাহক রয়েছে।
