২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় ইতালির সহায়তা চেয়েছেন

বিশ্ববাণিজ্য সংস্থার আসন্ন বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় ইতালির সহায়তা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বাংলাদেশের উদ্যোগে ইতালিতে আয়োজিত তিনদিন ব্যাপী সিঙ্গেল কান্ট্রি ট্রেড শো’তে অংশ গ্রহণের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বর্তমানে ইতালি সফর করছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল এস্টেট অব রোমের সভাপতির সাথে বৈঠককালে বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী এ সহায়তা কামনা করেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ডিসেম্বরে হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ববাণিজ্য সংস্থার বৈঠকে ইতালির সমর্থন বাড়ানোর আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী দু’দেশের মধ্যেকার সম্পর্ককে ভবিষ্যতে আরও জোরদার করার লক্ষ্যে একটি যৌথ বাণিজ্য সংস্থা গঠনের ওপরও গুরুত্বারোপ করেন।

মূলত বিদেশি ক্রেতা আকর্ষণ এবং রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখেই রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ইতালির মিলানে তিন দিনব্যাপী সিঙ্গেল কান্ট্রি শো’র আয়োজন করা হয়েছে।

এদিকে, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও মিলানের চেম্বার অব কমার্স এবং ফরেন ট্রেড অ্যাসোসিয়েশন অব মিলানের নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য ইতালি সফর করছেন।

মিলানে আয়োজিত সিঙ্গেল কান্ট্রি শো’তে ৪৫টি পণ্য উৎপাদন এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে: তৈরী পোশাক, নিটওয়্যার, চামড়াজাত পণ্য, জুতা, সিরামিক, পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, সিল্ক, ইমিটিশন গহনা এবং কৃষিজাত বিভিন্ন পণ্য।