জাহাজ নির্মাণ শিল্প ও মংলা বন্দরে মালয়েশিয়ার বিনিয়োগের সন্ধানে বাংলাদেশ
ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্প ও মংলা বন্দরের উন্নয়নে মালয়েশিয়ার বিনিয়োগের আশা করছে।
নৌ পরিবহণ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানায়, আগামী মাসের ৭ তারিখে অনুষ্ঠিতব্য যৌথ কমিশনের তৃতীয় বৈঠকে এই প্রস্তাব উপস্থাপনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।
মালয়েশিয়ার পররাষ্টমন্ত্রী সৈয়দ হামাদ বিন সৈয়দ জাফর আলবার আগামী মাসের ৬ তারিখে ঢাকায় পৌঁছবেন। তিনি মালয়েশিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান স্বাগতিক দলের নেতৃত্ব দিবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে জনশক্তি রপ্তানি ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ ইস্যুর ওপর আলোকপাত করা হবে।
নৌ পরিবহণ মন্ত্রণালয় সূত্র জানায়, জাহাজ নির্মাণ শিল্প ও মংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে মালয়েশিয়া বিনিয়োগের জন্য তারা সরকারের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতির নির্দেশ পেয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়া চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী। কিন্তু আমরা দুর্বল অবকাঠামোর জন্য দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা মংলা বন্দরের উন্নয়নে তাদের সহায়তা কামনা করছি।
এছাড়াও দেশের বেকার মেরিন একাডেমি ক্যাডেটদের চাকরির সুবিধা সৃষ্টির জন্য বাংলাদেশ মালয়েশিয়ার সাহায্য চাইবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার সাথে যৌথ বৈঠকে বাংলাদেশ জনশক্তি রপ্তানি, ভিসা জটিলতা, শিক্ষা, সাংস্কৃতিক সহযোগিতা ও অন্যান্য সম্ভাব্য খাত নিয়েও আলোচনা করবে।
বিভিন্ন দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক খাতে সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সালে বাংলাদেশ-মালয়েশিয়া প্রথম যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অর্গানাইজেশন অব ইসরামিক কান্ট্রিস’র (ওআইসি) সহযোগী সদস্য ও মুসলিম উম্মাহর হিসেবে ...
বাণিজ্য ভারসাম্য বেশিরভাগটাই মালয়েশিয়ার পক্ষে। তারা বার্ষিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রপ্তানি পন্য বাংলাদেশে রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ বছরে ১৬ থেকে ১৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পন্য মালয়েশিয়ায় রপ্তানি করে থাকে।
বর্তমানে বাংলাদেশে মালয়েশিয় বিনিয়োগের পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। আর মালয়েশিয় বিনিয়োগের প্রধান খাত হলো টেলিযোগাযোগ ও বিদ্যুৎ খাত।
