২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ৪৫০ মে. কেন্দ্র: একমাত্র ভারতীয় ইসার দরপত্র দাখিল করেছে

বেসরকারি খাতে (আইপিপি) সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করে কেবলমাত্র ভারতীয় ইসার দরপত্র দাখিল করেছে। আজ বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেয়ার শেষ দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এর আগে প্রাক-যোগত্য যাচাই পর্বে পাওয়ার সেল তিনটি কোম্পানিকে নির্বাচন করেছিল। এগুলো হলো মালয়েশিয়ার জেনটিং বেরহাড, জার্মানীর সিমেন্স সহ বাংলাদেশের সামিট এবং বাংলাদেশের পিএইচপি গ্রুপ সহ ভারতের ইসার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে জেনটিং বাংলাদেশের বিডিং প্রক্রিয়ার উপর অনাস্থা প্রকাশ করে দরপত্র জমা দিতে অস্বীকৃতি জানায়। সর্বশেষ সামিট গ্রুপও দরপত্রে অংশ গ্রহন থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু তাদের অংশীদার সিমেন্স দর প্রস্তাব জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করে পাওয়ার সেলকে একটি চিঠি দিয়েছে। তাতে তারা আরো চার সপ্তাহ সময় বাড়ানোর অনুরোধ করেছে।

সামিটের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এর আগে যে দর প্রস্তাব দিয়েছিল এবার তার চেয়ে ভালো প্রস্তাব দেয়া সম্ভব নয় বলে তারা পিছিয়ে এসেছে। সরকার চাইলে তারা এখনো আগের প্রস্তাবে কাজ করতে সম্মত আছে।

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বিডিনিউজকে বলেছেন, আমরা পর্যালোচনা করে দেখেছি আগের চেয়ে ভালো প্রস্তাব দেয়া সম্ভব নয়।

এর আগে সামিট গ্রুপ পিডিবি’র সাথে যৌথ উদ্যোগে এই বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছিল। এতে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের বিক্রি মূল্য উদ্ধৃত করা ছিল ২ দশমিক ৭৮৯ মার্কিন সেন্ট। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের একটি প্রকল্প হিসেবে তখন সামিট ছিল একমাত্র দরপত্রদাতা।

সামিটের প্রস্তাবটি মূল্যায়ন শেষে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করে। কিন্তু অস্বচ্ছতার অভিযোগে তা প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন না করে বাতিল করে দেয়। অবশ্য বিশ্ব ব্যাংক এবং অন্যান্য দাতারা বলেছিল, এতে স্বচ্ছতার কোন অভাব ছিল না।

পরে পাওয়ার সেল আইপিপি হিসাবে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য নতুন করে প্রস্তাব আহ্বান করে।

পাওয়ার সেলের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, সিমেন্স’র অনুরোধ তারা পেয়েছেন। আর আজ কেবলমাত্র ইসার তাদের দরপত্র জমা দিয়েছে। অপর দুই কোম্পানি কেন দর প্রস্তাব দাখিল করেনি তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।