২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফরমার প্রস্তুতকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির দাবি

কাঁচামালের ওপর উচ্চমাত্রার আমদানি শুল্ক দেশের শিল্প বিকাশে অন্যতম প্রতিবন্ধক। ম্যানুফেকচারার্স এসোসিয়েশন অব ট্রান্সফরমার এণ্ড সুইচগিয়ার বৃহস্পতিবার এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

২০০৫-০৬ বাজেটের আগে তারা শুল্কমুক্ত কাঁচামাল আমদানির দাবি জানায়।

এসোসিয়েশনের সভাপতি টিএএম নুরুল বাশার জানান, বর্তমানে এইখাত থেকে রাজস্ব আয়ের পরিমাণ অত্যন্ত কম। কিন্তু কাঁচামাল আমদানির ক্ষেত্রে যদি শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়, তবে তা সেবা শিল্পের বিকাশে সহায়তা করবে।

তিনি বলেন, বর্তমানে কাঁচামাল আমদানির জন্য প্রস্তুতকারকদের ৭ দশমিক ৫ থেকে ১৫ শতাংশ শুল্ক প্রদান করতে হয়। কিন্তু গড়ে কর, ভ্যাট ও শুল্ক মিলিয়ে এর পরিমাণ দাঁড়ায় ৪০ শতাংশে।

মালয়েশিয়া ও থাইল্যাণ্ডের শুল্ক কাঠামোর উল্লেখ করে নুরুল বাশার বলেন, ওই সকল দেশের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে।

বাশার বলেন, ট্রান্সফরমার ও সুইচগিয়ার ম্যানুফেকচারিংসহ এ খাতে বছরে মোট আয়ের পরিমাণ এক বিলিয়ন টাকা।

তিনি বলেন, ১৫ টি প্রস্তুতকারক শিল্প ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট রপ্তানি করছে। অন্যান্য ইউনিটগুলো উচ্চমাত্রার শুল্ক কাঠামোর কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজার থেকে পিছিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, বার্ষিক ছয় হাজার স্থানীয় চাহিদার বিপরীতে আমরা একত্রে বছরে ১৫ হাজার ট্রান্সফরমার প্রস্তুত করে থাকি। স্থানীয় চাহিদা কম হওয়ায় আমাদের শ্রমিকদের অলস বসে থাকতে হয়।

বর্তমানে এই খাতে তিন হাজার শ্রমিক নিয়োজিত রয়েছে।

এসোসিয়েশনের সভাপতি অভিযোগ করেন, স্থানীয়ভাবে তৈরি পণ্যের জন্য ১০ শতাংশ উচ্চহারে শুল্ক প্রদান করতে হয় বিধায় তাদেরকে অনেক কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়।

ট্রান্সফরমারের অন্যতম রপ্তানিকারক এনার্জিপ্যাক ভারত ও আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে সুদানে রপ্তানি করে থাকে। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এ রপ্তানির পরিমাণ ছিল ৩০ মিলিয়ন টাকা।